Advertisement
  • দে । শ
  • জুন ২০, ২০২৬

মৌসুনি দ্বীপে নদী বাঁধে ভাঙন, প্লাবনের আশঙ্কা নামখানায়

আরম্ভ ওয়েব ডেস্ক
মৌসুনি দ্বীপে নদী বাঁধে ভাঙন, প্লাবনের আশঙ্কা নামখানায়

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপে নদী বাঁধে বড়সড় ভাঙনের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুক্রবার বালিয়াড়ার ১৪ নম্বর সোয়াল এলাকার বটতলা সংলগ্ন নদী বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে পড়ে। অমাবস্যার ভরা কোটালের জেরে জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই ভাঙন ঘটে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকার নদী বাঁধ অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, নদী বাঁধ সংস্কারের জন্য বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবে প্রয়োজনীয় কাজ হয়নি। ফলে প্রতি বছর বর্ষাকালে বাঁধে ভাঙনের ঘটনা ঘটছে এবং এবছরও সেই আশঙ্কাই সত্যি হলো।
বাঁধ ভেঙে যাওয়ার পর এলাকায় প্লাবনের আশঙ্কা আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দা শেখ আজেদ ও বাবুসোনা মাইতি জানান, “প্রায় ১৫০ মিটার নদী বাঁধ ভেঙে যাওয়ায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত মেরামতির কাজ শুরু না হলে নদীর জল গ্রামে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।”
এলাকাবাসীদের দাবি, শুধুমাত্র অস্থায়ী মেরামতি নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী ও স্থায়ী নদী বাঁধ নির্মাণ করতে হবে। তাঁদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে মৌসুনি দ্বীপ ও সংলগ্ন এলাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!