- ক | বি | তা রোব-e-বর্ণ
- জুন ১৯, ২০২২
দুটি কবিতা
চিত্র: ধীরজ চৌধুরি
বাদল দিন
বাদল দিনে ঝির ঝির পুষ্পবৃষ্টির মাঝে জলের আয়নায় নিজেকে দাঁড় করাই।প্রতিবিম্বে ফুটে ওঠে
স্কুলপোশাকের সোহাগ । বন্ধুর পিঠে সওয়ারি হয়ে নদী পারাপার,পুকুরস্নান।ভেসে ওঠে বর্ষার কাদা ও ফুটবলের মায়া । কালো মেঘের গর্জন তার বটপাতার রেনকোট জড়িয়ে দর্শন করছে জলের মায়াবি দখলের খেলা । ভিজে হাওয়ায় উড়ে চলে মনের বেড়ি । এখনও জানালা খুলে অক্ষরের আড়ালে ভিজে বলি, ফিরে এসো বৃষ্টির নলধারা, রাখালিয়া সুর ।
সাফল্য
দুঃখগুলো মাটির ভাঁড়ে জমিয়ে রাখি
কষ্টগুলো একটা একটা করে ঝরে পড়ে শরীরের সৈকতে
ভালবেসে তুলে রাখি তাকে অনিশ্চিত দুপুরে
জমানো কষ্ট আর দুঃখ বেচে তৈরি করি ভাড়াটে সকাল
কিছুদিন পরে হৃদয় থেকে ধার নিই দুমুঠো শান্তি
তৈরি হয় প্রেমের জাহাজবাড়ি
রুটি তরকারি খাই ভালবাসা ও কষ্টের সাজানো থালায়
আকাশে জেগে ওঠে ধীরে সোনার ফসল
সাফল্যের চাঁদ হাসে কুটিরে দীর্ঘ অমাবস্যার পর
মাটির ভাঁড়ের সুখ এবার উপচে পড়ে মাটিতে….
❤ Support Us








