- ক | বি | তা রোব-e-বর্ণ
- জুলাই ১৬, ২০২৩
কবিতা গুচ্ছ
চিত্র: মকবুল ফিদা হুসেন
বর্ষা এল
তাকে আমি চিনি না। শুধু তার নূপুরধ্বনি চিনি। অন্ধকারে বাজে। অন্ধকারও কি বাজে? নাকি আনমনে কেউ নূপুর ভেবে বাজায় আমাকে !
এরকম কূট প্রশ্নের ভেতর বর্ষা এল। প্রশ্নেরা সব ভিজতে ভিজতে মোহনায় যাবে। অমনোযোগী সেই আঙুলের ভেতর বর্ষা এল। আঙুল গলে ফোঁটা ফোঁটা গান নামবে। ভেসে যাবে চিরবধির রমণীটির ঘরে। ওই নারী একা আছে দীর্ঘদিন। গান পেলে পূর্ণ হবে কানায় কানায়।
বর্ষার শেষে নূপুরধ্বনি থামে। পৃথিবীতে আর প্রশ্ন থাকে না। শুধু ওই অন্ধকার, আর সামান্য এই বাজা। এসব নিয়েই অবাক বাউল আগামী শরৎ!
তিনফোঁটা বৃষ্টির ভার
তিনফোঁটা বৃষ্টির ভার, যদি ডালপালা নুয়ে পড়ে
আমাকে ফোঁটা দুই দিয়ে দিতে পারো।
সংলগ্ন ছায়াটিকে বলি, গ্রহণ করো
যাবতীয় দু-ফোঁটার ভাষা। গ্রহণ করো আর
নির্মিত হয়ে ওঠো। যেন ভারহীন উড়ে যেতে যেতে
পুষ্পের স্তাবকতাও অসহ্য মনে হয়!
কথা বলব না বলব না করেও এত কথা!
দুপুর গড়িয়ে রাত। রাত্রিকে তো সব বৃষ্টির কথা
বলা যায় না। বলা যায় না তোমাদের
নুয়ে পড়ার কথাও। কীভাবে তোমাদের তিনফোঁটা থেকে
দু-ফোঁটার ভাষা জড়ো করে আর এক পৃথিবী
নির্মিত করে চলেছি,
সেটুকু অকথিত থেকে যাক।
ছায়া নয়, ওই পৃথিবীটুকুই আমি সঙ্গে নিয়ে যাব।
♦–♦–♦
❤ Support Us








