- ক | বি | তা রোব-e-বর্ণ
- জুলাই ১৬, ২০২৩
কবিতা গুচ্ছ
চিত্র: মকবুল ফিদা হুসেন
বনেদি মুন্সিয়ানা
গদ্য-পদ্যে সব্যসাচী সুষ্মেলী দত্ত-র প্রকাশিত কবিতার বই-এর সংখ্যা ১২। সর্বশেষ সঙ্কলনের নাম ‘চুপ’ [বইমেলা, ২০২৩]।বইটির নামেই ভাস্বর তাঁর বাকসংযম আর বয়নশৈলীর বার্তা–নির্মাণ করো অন্যরকম প্রতিমা, সাজিয়ে তোলো অর্জিত অভিজ্ঞতার ইশারা। হ্যাঁ, এটাই তাঁর কবিতাময়তার স্বশাসিত স্বরধ্বনি। ছন্দ ভেঙ্গে, ছন্দের অন্ধকারে, বাইরেও।
সুষ্মেলীর কিছু কিছু উদিত আর উদীয়মান শব্দ মুগ্ধ করে দেয় আমাদের। মুগ্ধতা সম্ভবত আরো বেশি ছড়িয়ে দেবে তাঁর নাগরিকতাবোধের বনেদি মুন্সিয়ানা।
বাহার উদ্দিন
১৬.০৭.২০২৩
পাকদন্ডী
প্রতিরাত ছুঁয়ে সূর্য চেয়েছি চেয়েছি আগুন চেয়েছি জল
কেমন পোশাক বাগান সবুজে তুমি উচ্ছল আমি অবিচল…
প্রতিদিন আমি চাঁদের শরীর তোমাদের ঘর আমিও চাবুক
নাম নেই নেই খুনসুটি নেই ওরফে বিষাদ ওরফে শামুক
বিকেলের পালা সবে শেষ হোলো এখন আকাশ মেঘ অবসরে
দহনে হননে ভস্ম পৃথিবী মরে যাই যাই আদুরের জ্বরে-
সবটুকু নিয়ে ঘুমচোর খেলা ওগো নিরাময় সুস্থ নিপাট
হিজিবিজি মন হিসাব কষালো ফিরে যাও একা ষাট ষাট ষাট…
সন্ধিক্ষণ
ভিজছি এক ভিজছি দুই শূন্য ভেজা বারোর মাস
ইশকুল মেয়ে নষ্ট কথা সংগোপনা অনভ্যাস
উড়ছে নখ ছুটছে নদী পাগলা বলে সামলে চল
হিংসুটিয়া মেঘলা চোখে একটু সোজা অল্প ছল…
রোদচশমা ভাঙছে পাড় যেজন আছো ডুবলো নাও
চুলবুলে সে রাতজাগানি আর কী বলে হিসেব চাও?
উষ্ণ মাগো বৃষ্টি দিনে চাঁদচকোরে সর্বনাশা
জমাট ঘুমে রোদের ছায়া স্বস্তি ছুঁলো ভালোর বাসা…
♦–♦♦–♦
❤ Support Us








