- ক | বি | তা
- ডিসেম্বর ৪, ২০২২
গুচ্ছ কবিতা
বাংলা কবিতা দিশাহারা, অবক্ষয়ে আক্রান্ত । এরকম গুরুগম্ভীর আক্ষেপের জবাবের অস্ত্র কী? অবশ্যই শব্দ, শব্দের সমবেত ধ্বনি, প্রতিধ্বনি। নেতির ধারণাকে পাল্টে দেওয়া দরকার । এগিয়ে আসুক কবিদের জোরালো কব্জি আর আঙুলের শাণিত ডগা ।
চিত্র: মরিজা সুমি
নজরুল
কখনও ছন্দ ভেঙে বুলবুলপাখি উড়ে যেতে দেখেছ?
কখনও অক্ষর ঘষে ঘষে জ্বলতে দেখেছ আগুন?
আমি গান শুনি।আর,কখন যে সুর ভুলে কথার নেশায় ডুব দিই…
শিল্পীর মধ্যে,কিছুটা উন্মাদনা থাকে।কিছু প্রেম। কিছু বিদ্রোহ।
আমরা নেহাতই তুচ্ছ। সংসার গোছাই।
দূর থেকে তোমার জীবন লক্ষ করি
একপশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর
অনেকদিন শরীরে ও মনে এত আনন্দ ধরেনি আমার!
অনেকদিন পর আবার বনমহোৎসবে যেতে ইচ্ছে করছে।
অনেকদিন ধরে একটার পর একটা পলিটিক্যালি চালাক শব্দ বসাতে বসাতে আঙুলের খুব চাপ এখন…
অনেকদিন শরীরে ও মনে এত আনন্দ বসত করেনি আমার!
বিন্দু বিন্দু আলো, গাছের পাতায় জমে থাকা খুশি।না,
বিহ্বলতা থাক!
আজ,দেখি, সচেতনতা ধুয়ে জল খাচ্ছে ক্রপটপ-পরা ফুলছাপ বাচ্চারা
দিনকাল
আলো,তুমি কি আমার কেনা গোলাম থাকবে?
অন্ধকারকে তবে ছুটি দিয়ে দিচ্ছি এখনই।
একথা বলার পর সাতমাস কেটে গেছে।
কাটেনি আঁধার।
ঘরে ধুলো।
রক্তদাগ বাইরে আছে তো, ভেবে স্বস্তি পাই।
তারপর, জল খাব বলে ফ্রিজ খুলি আর তাক থেকে, মানুষের ফালাফালা অঙ্গপ্রত্যঙ্গ সব
উপচে মাটিতে এসে পড়ে।
যে রেখেছে তাকে ফিরে আয়নায় দেখি।
তার, জীবন বৃত্তান্ত মাপি।
তারপর, দুঃখিত,
চাপ চাপ কালো…
আর কিছু মনে পড়ে না
❤ Support Us








