- দে । শ
- জানুয়ারি ২৮, ২০২৫
বরাদ্দ আড়াই কোটি কাটোয়ায় তৈরি হচ্ছে এসবিএসটিসি-র ডিপো
দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা, এসবিএসটিসি কাটোয়ায় একটি বাস ডিপো তৈরির। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির উদ্যোগেই বাস ডিপোটি তৈরি হচ্ছে বলে পরিবহণ দপ্তর সূত্রের খবর। কাটোয়া শহরের দক্ষিণ প্রান্তে কাটোয়া-বর্ধমান রাজ্য সড়ক লাগোয়া ৩ একর জায়গায় তৈরি হবে ডিপোটি। এজন্য পরিবহণ দপ্তর আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে। এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মণ্ডল, ম্যানেজিং ডিরেক্টর প্রণব কুমার ঘোষ-সহ পরিবহণ দপ্তরের একঝাঁক আধিকারিক নির্ধারিত জায়গাটি সরেজমিনে দেখে সন্তুষ্ট। সুভাষবাবুর কথায়, ‘সরকারি পরিবহণ ব্যবস্থাকে প্রসারিত করার উদ্যোগের অঙ্গ হিসেবেই কাটোয়ায় ডিপো তৈরি হবে। জমিটা পুরসভার। পুরসভা জমিটা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।’ কাটোয়ায় সরকারি বাস ডিপো গড়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানালেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। বললেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার পেট্রল-ডিজেলের দাম বাড়ালেও সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার সরকারি বাসের ভাড়া বাড়ায়নি।’
উল্লেখ্য যে, রাজ্যজুড়ে সরকারি গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পরিবহণ দপ্তর। কাটোয়া শহরকে ছুঁয়ে এসবিএসটিসি-র ৫টি বাস কলকাতা, আসানসোল, বোলপুর-সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। কাটোয়ায় ডিপো তৈরি হলে বাসের সংখ্যা বাড়বে। এসবিএসটিসি সূত্রের খবর, ১০ জানুয়ারি বাঁকুড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি এসি বাস পরিষেবা চালু হবে। এছাড়াও রাজ্যজুড়ে ১০৬টি ডিজেল চালিত ও ৯০টি সিএনজি চালিত বাস নামানো হবে। এজন্য আসানসোল, কৃষ্ণনগর, আরামবাগ ও দুর্গাপুরে সিএনজি স্টেশন তৈরি হচ্ছে। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় সরকারি বাস পরিষেবা পৌঁছে দিতে ঝাড়গ্রামে সংস্থার নতুন ডিভিশন তৈরি হয়েছে। সেই ডিভিশনের অধীনে ৮টি ডিপো রয়েছে। এভাবেই বাসের সরকারি পরিষেবাকে রাজ্যের কোণে কোণে ছড়াতে চাইছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
❤ Support Us





