Advertisement
  • দে । শ
  • জুন ১৬, ২০২৬

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

বিদেশ সফরে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার ক্ষেত্রে নতুন নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে তিনি স্লোভাকিয়া সফরে রয়েছেন। সেখানে পৌঁছালে তাঁকে ঐতিহ্যবাহী রীতি মেনে রুটি ও লবণ দিয়ে স্বাগত জানানো হয়। এরপর স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ তাঁর হাতে তুলে দেওয়া হয়।

এই সম্মান প্রাপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় যুক্ত হল আরও একটি মাইলফলক। গত ১২ বছরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন।

নরেন্দ্র মোদির আন্তর্জাতিক সম্মানপ্রাপ্তির যাত্রা শুরু হয় ২০১৬ সালে, যখন সৌদি আরব তাঁকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ স্যাশ’ প্রদান করে। এরপর ২০১৮ সালে তিনি পান প্যালেস্টাইনের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহি তাঁকে ‘অর্ডার অফ জায়েদ’ সম্মানে ভূষিত করে। একই বছরে বাহরাইনের সর্বোচ্চ সম্মান ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ও তাঁর হাতে তুলে দেওয়া হয়।

পরবর্তী সময়ে তিনি রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’, ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ এবং গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’-সহ একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান লাভ করেন। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানেও ভূষিত হন তিনি।

চলতি বছর এটি মোদির তৃতীয় আন্তর্জাতিক সম্মান। এর আগে তিনি ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ লাভ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।
এই সম্মান গ্রহণের পর সামাজিক মাধ্যম এক্স-এ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “ব্রাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করে আমি সম্মানিত। স্লোভাকিয়ার জনগণ ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই সম্মান শুধু আমার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের। ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের প্রতি আমি এই সম্মান উৎসর্গ করছি।”

উল্লেখ্য, সম্প্রতি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে একটানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের নতুন নজির গড়েছেন নরেন্দ্র মোদি। সেই ঐতিহাসিক মাইলফলকের পরই তিনি স্লোভাকিয়া সফরে যান এবং সেখানে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!