- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
ফেব্রুয়ারিতেই বাংলাদেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ? তুঙ্গে জল্পনা
বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের অপেক্ষায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা মিলিতভাবে নতুন দল গঠন করতে চলেছে। দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশ করা হতে পারে।
বাংলাদেশে জুলাই-আগষ্ট অভ্যুত্থানে বদলে দিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক অস্থিরতা এখনো থামেনি। দ্রুত নির্বাচন চেয়ে পথে নেমেছে আওয়ামি লিগ, বিএনপির মতো পুরনো দলগুলি। ছাত্রদের তরফে এর আগে ঘোষণা করা হয়েছিল রাজনৈতিক বন্দোবস্তের কথা। এবার তা বাস্তবে রুপায়ন করতে চায় তাঁরা। সবকিছু ঠিক থাকলে, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসেই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। জেলা স্তরে সংগঠনের গঠন করবার কাজ করছেন শীর্ষ নেতারা। দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণ নিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত।
নতুন দলের পরিকাঠামো কেমন হবে ? সে নিয়ে আলোচনা চলছে বাংলাদেশের আহ্বায়ক কমিটির ছাত্রনেতাদের মধ্যে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম অনেকটা চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে চলছে আলোচনা। সেক্ষেত্রে এগিয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন। তাদের দুজন থেকে একজন সদস্য সচিবের দায়িত্ব নেবেন। এছাড়াও নাগরিক কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শীর্ষস্থানীয় পদ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। অবশ্য বাংলাদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন চমক হিসাবে বেশ কয়েকজন তরুণ নেতাকে দলে দেখা যেতে পারে। ইসলামী ছাত্রশিবির ও বাম ছাত্রনেতাদের নতুন এই দলে যোগ দেবার কথাও শোনা যাচ্ছে। খুব তাড়াতাড়ি নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। তবে বাকি নেতারা এখনই পদত্যাগ করবেন না বলে জানা যাচ্ছে।
সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘ জুলাই গণঅভ্যুত্থানের শহিদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকারে থাকা ছাত্রপ্রতিনিধিদের প্রতি আমার আহ্বান, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন।’ আদিব আরো বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট-খুনি হাসিনাকে নামিয়েছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদাসম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্রসমাজ। বাংলাদেশে বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, কোনোটির মধ্যে না গিয়ে মধ্যপন্থী অবস্থান নিতে চান তাঁরা। সাম্য, ন্যায়বিচার, সুশাসন – এই স্লোগানকে সামনে রেখে লড়াইয়ে নামতে চান ছাত্রনেতারা।
নতুন দল নিয়ে নিয়ে নাহিদ ইসলাম বলেছেন, ‘আমি এ বিষয়ে আমার অবস্থান আগেই পরিষ্কার করে দিয়েছি। বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে গুজব ছড়ানো হচ্ছে তা কিন্তু ঠিক নয়। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো হচ্ছে। বৈষম্যবিরোধী, নাগরিক কমিটি মিলিতভাবে নতুন রাজনৈতিক দল তৈরি করবার কথা ভাবছে, হয়তো ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করবে সেটি। আমি যদি সে দলে যোগ দিই তাহলে সরকারি পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব। এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব।’
আবার বাংলাদেশ ‘স্বাধীন’ হবে, ক্ষমতা হারাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ? এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর কথায়, ‘দল গঠনের পরে হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা বিপদের কথা। কারণ, সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। বাংলাদেশে প্রচলিত রাজনীতির ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কি না, আমরা জানি না। তবে ছাত্ররা তৈরি হচ্ছে, তারা প্রচার চালাচ্ছে। দেশের মানুষকে সংগঠিত করছে।’ আদর্শ থেকে ছাত্ররা সরে যেতে পারে, চিন্তায় ইউনুস।
❤ Support Us







