Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২২, ২০২৩

“মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত নিয়োগ হোক”, চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে বললেন ব্রাত্য । বৈঠক করে অযথা সময় নষ্ট প্রতিক্রিয়া বিরোধীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
“মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত নিয়োগ হোক”, চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে বললেন ব্রাত্য । বৈঠক করে অযথা সময় নষ্ট প্রতিক্রিয়া বিরোধীদের

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে শুক্রবার বৈঠকের পর এসএলএসটি চাকরি প্রার্থীরা সাংবাদিকদের জানালেন, “বৈঠকের নির্যাস হচ্ছে নিয়োগ প্রক্রিয়া আইনি বিষয়কে সম্মান জানিয়ে যে ভাবে এগোচ্ছে তাতে ১ ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা সমাধানে পৌঁছতে পারব বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটি বার্তা এসেছে, তার ভিত্তিতেই বৈঠক হয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব বৈঠকে ছিলেন। আমরা মনে করছি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া ১ ফেব্রুয়ারির মধ্যে হবে।”

তবে শিক্ষামন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত নিয়োগ হোক।” তবে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে কি? এই প্রশ্নে উত্তর দিতে চাননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিকে বৈঠক শেষে তৃণমূল সাধারণ সম্পাদক ও এই বৈঠকের উদ্যোক্তা কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুর মাধ্যমে এই চাকরির জট খোলার কাজ চলছে। কিছু নির্দিষ্ট ব্যবস্থা নিয়ে আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে সমাধানের একটা প্রক্রিয়া চলছে। যেহেতু বিষয়টি জটিল তাই কিছু আইনি পদক্ষেপ থাকে। তবে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, এসএসসির চেয়ারম্যান ও আইনি অফিসাররা বৈঠকে ছিলেন।৩১ জানুয়ারির মধ্যে আইনি জট কাটিয়ে যাতে ওঠা যায় তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিছু একটা ধরে তো এগোতে হয়। আন্দলোনকারীরা সময় চাইছিলেন, তাই দ্রুততার সঙ্গে জানুয়ারির মধ্যে যাতে একটা জায়গায় পৌঁছন যায় সেই ভাবে কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনও তারিখ দেওয়া হয়নি যে এই তারিখে নিয়োগ দেওয়া হবে। যে জট তৈরি হয়ে আছে তাতে আমরা চাই জট খুলে যাক। নতুন করে কোনও আইনি জটিলতা যদি না আসে তাতে জানুয়ারির মধ্যে যাতে জট খোলা যায় তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টা বড়, জটিল, তাই এতো সহজে সমাধানের দিনক্ষণ বলা যায় না। তবে দুই পক্ষ সহমতে পৌঁছনো গিয়েছে। তাই জানুয়ারির মধ্যে জট খোলা গেলে ফেব্রুয়ারিতে নতুন কিছু করা যাবে এটাই বলা হয়েছে।”

এদিন শুভেন্দু অধিকারী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বৈঠককে অযথা সময় নষ্ট বলে সমালোচনা করেছেন। এই বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, “রাজ্য সরকার চাকরি দিতে চান আর কারা চান না সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। চাকরির জট খুলে গেলে শুভেন্দু অধিকারীর কি এসে যায়? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি সমস্যা জট খুলে গেলে?”

এর পরেই কুণাল ঘোষ বলেন, “আমি কারও নাম করছি না। তবে কোনও কোনও আইনজীবী আছেন তাঁরা টাকা নিয়ে চাকরি প্রার্থীদের কাউকে কাউকে বলছেন, পুরো প্যানেল মামলা করে আটকে দেব। দেখা যাচ্ছে যাদের নিয়ে এই মামলা করার আশ্বাস আইনজীবীরা কেউ কেউ দিচ্ছেন তাঁরা হয়তো চাকরি পাওয়ার যোগ্যও নয়। তাই বলছি, চাকরির জট সংক্রান্ত সমস্যা সমাধানে যাঁরা বিরোধিতা করছেন তাদের স্বার্থ জড়িত আছে। শুভেন্দু অধিকারী যা বলেছেন সব মিথ্যা কথা বলছেন। শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে সুবিধা নিয়েছেন, মন্ত্রী ছিলেন, তখন কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বেরিয়ে আসেননি। শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলছেন।”

এদিকে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, “চাকরির সমস্যা সমাধানের জন্য ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে কিসে? সরকার চাইলে একদিনে এই সমস্যা সমাধান করা যায়। যাদের বেআইনি পথে চাকরি দেওয়া হয়েছে তাদের নিয়োগ বাতিল করে দিলেই সমস্যা সমাধান হয়ে যায়, সরকার সেটা করুক। তা না করে আরও সময় নষ্ট করা হচ্ছে।”

তবে এসএলএসটি চাকরি প্রার্থী আন্দোলনকারীরা পাশাপাশি এটাও জানিয়েছেন, “আইনি বিষয়টি নিয়ে রাজ্য সরকার কাজ করছে দ্রুততার সঙ্গে। আমাদের কোনও আইনজীবী নেই। আমরা রাজ্যের এই উদ্যোগের উপর ভরসা করছি। নিশ্চই মুখ্যমন্ত্রীর নির্দেশেই আইনি জট কাটিয়ে কি ভাবে লিস্টে নাম থাকা যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া যায় সেই কাজটা রাজ্য সরকার করছে।”

তবে সূত্রের খবর চাকরি প্রার্থীরা বাইরে এসে ১ ফেব্রুয়ারি নিয়োগের আশা করলেও বৈঠকে শিক্ষামন্ত্রী সেই ভাবে কোনও দিনক্ষণ জানাননি। যা আলোচনা হয়েছে তাতে শিক্ষামন্ত্রী বলেছেন, আইনি জটে চাকরি আটকে রয়েছে। আইনের পথে এই আইনি জট কাটানোর কাজ করছে রাজ্য সরকার। আশা করা যাচ্ছে যে গতিতে আইনি জট কাটাবার কাজ চলছে তাতে ১ ফেব্রুয়ারির মধ্যে আইনি জট কাটাবার একটা পথ বার হবে।
প্রসঙ্গত কিছুদিন আগে চাকরির দাবিতে আন্দোলনের ১০০০ দিন পূর্তির দিনে মাথা কমিয়ে এক মহিলা চাকরি প্রার্থী প্রতিবাদ জানান। এই দৃশ্য দেখে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ধর্মতলায় এসে পৌঁছন। তিনি ওই অবস্থান স্থল থেকে শিক্ষামন্ত্রীকে ফোন করে কথা বলেন। তার পর ঠিক হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ২২ ডিসেম্বর এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক হবে, কুণাল ঘোষ নিজে এই বৈঠকের ব্যবস্থা করে দেন। তৃণমূল মুখপাত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চান এই চাকরি প্রার্থীদের চাকরি হোক। কিন্তু আইনি জটিলতায় এদের চাকরি আটকে রয়েছে।কেউ কেউ শকুনির মতো এই চাকরিতে আইনি বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে যে সরকারীই সমস্যা করুক সেটা সমাধান করতে হবে। এদিনের বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন কুণাল ঘোষ। এর আগেও কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি প্রার্থীদের সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে তাতে সমাধানের রাস্তা বার হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!