Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১২, ২০২৬

কুলগামে জঙ্গি হামলায় লশকর যোগ, কিশ্তওয়ারে মিলল দুই এসপিও-র গুলিবিদ্ধ দেহ ? তদন্তকারীদের নজরে জুলাইয়ের জোড়া হামলার ‘মাস্টারমাইন্ড’ লতিফ আহমেদ ভাট

আরম্ভ ওয়েব ডেস্ক
কুলগামে জঙ্গি হামলায় লশকর যোগ, কিশ্তওয়ারে মিলল দুই এসপিও-র গুলিবিদ্ধ দেহ ? তদন্তকারীদের নজরে জুলাইয়ের জোড়া হামলার ‘মাস্টারমাইন্ড’ লতিফ আহমেদ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নাকা চেকিং চৌকিতে জঙ্গি হামলার ঘটনায় লশকর-ই-তৈয়বা জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তদন্তকারীরা । বুধবার দুপুরে কুলগাম জেলার মীরবাজারের কাছে আখরান এলাকায় এই হামলার ঘটনা ঘটে । তদন্তকারীদের অনুমান, গত জুলাই মাসে অনন্তনাগ ও কুলগামে ঘটে যাওয়া পর পর দুটি জঙ্গি হামলার নেপথ্যে যাঁর নাম উঠে এসেছিল, সেই কুলগামের জঙ্গি লতিফ আহমেদ ভাটের হাত থাকতে পারে সাম্প্রতিক হামলাতেও ।

২২ জুলাই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এবং ৩১ জুলাই কুলগামে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল । ওই দুই হামলার অন্যতম চক্রী হিসেবে তদন্তকারীদের নজরে এসেছিলেন লতিফ আহমেদ ভাট । প্রাথমিক তদন্তে অনুমান, বুধবারের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের পিছনেও তাঁর ভূমিকা থাকতে পারে ।
ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনার যৌথ বাহিনী । ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বুধবারের হামলায় তিন জঙ্গির জড়িত থাকার তথ্য উঠে এসেছে । তাঁদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার সময় জঙ্গিরা একটি জঙ্গলঘেরা এলাকার ঝোপঝাড়ের আড়াল নিয়েছিল। সিআরপিএফের নাকা চেকিং চৌকি থেকে ওই জঙ্গলঘেরা এলাকার দূরত্ব ছিল মাত্র ৫০ মিটার । সেখান থেকে পায়ে হেঁটেই চৌকির কাছে পৌঁছয় জঙ্গিরা । হামলা চালানোর পর ফের জঙ্গলের পথ ধরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা । ঘটনার বিস্তারিত তথ্য জানতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
সিআরপিএফের বিবৃতি অনুযায়ী, বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে । সেই সময় জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও । হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন । তাঁদের মধ্যে এক জওয়ানের পেটে ও শিরদাঁড়ায় গুলি লাগে । তাঁর অস্ত্রোপচার চলছে । বাকি দু’জনের হাত ও পায়ে গুলি লেগেছে । আহত তিন জওয়ানকে প্রথমে অনন্তনাগের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁদের শ্রীনগরের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

আহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র । পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে আহত হন তিনি । বিষ্ণুপুরের শাঁখারিবাজার এলাকায় তাঁর বাড়ি। তাঁর আহত হওয়ার খবর পৌঁছতেই উদ্বেগ ছড়িয়েছে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে ।

পুলিশ সূত্রের আরও দাবি, হামলায় জঙ্গিরা একে-৪৭ রাইফেল ব্যবহার করেছিল । তদন্তকারীদের সন্দেহ, হামলা চালানোর ক্ষেত্রে স্থানীয় কিছু মানুষের সাহায্য পেয়েছিল জঙ্গিরা । তাঁদের মতে, উপত্যকায় নিরাপত্তাবাহিনী ও পুলিশের কাজে স্থানীয় যুবকদের নিয়োগের হার কমে যাওয়ায় বিদেশি জঙ্গিরা স্থানীয়দের একাংশের সহায়তা নিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করছে ।

এদিকে, দীপাবলির আগে ও পরে এই ধরনের জঙ্গি হামলার আশঙ্কা আগেই ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । সেই আশঙ্কার কথা মাথায় রেখে বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছিল । তবে পুলিশের একাংশের মতে, নির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা-তথ্য হাতে না থাকলে এ ধরনের আকস্মিক হামলা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন ।

সব মিলিয়ে, কুলগামে বুধবারের এই হামলার ঘটনায় লশকর-এ-ত্যায়বার সম্ভাব্য যোগ, বিদেশি জঙ্গিদের উপস্থিতি এবং স্থানীয় মদতের অভিযোগ—সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি জুলাই মাসের জোড়া হামলার সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা জানতেও চলছে তদন্ত। বর্তমানে হামলাকারীদের সন্ধানে কুলগাম ও সংলগ্ন জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে টহলদারিতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গল থেকে উদ্ধার হল দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ । মৃত দুই পুলিশকর্মীর নাম রসপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। তাঁরা দু’জনেই দাচান থানায় কর্মরত ছিলেন । পুলিশ সূত্রে খবর, বুধবার দচ্ছন-মারওয়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহলদারি চালাচ্ছিলেন ওই দুই এসপিও। টহলদারি শেষে তাঁরা ধেরনা এলাকায় অবস্থিত সেনাচৌকির দিকে যাচ্ছিলেন। এলাকাটি মারওয়া থানার অন্তর্গত। সেই পথেই আচমকা নিখোঁজ হয়ে যান দু’জন। বুধবার বিকেলে কিশ্তওয়ারের জঙ্গলে গুলির শব্দও শোনা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। এর পর থেকেই দুই পুলিশকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কিশ্তওয়ারে দুই পুলিশকর্মীর নিখোঁজ হওয়া এবং পরে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় । তবে কিশ্তওয়ারের ঘটনায় জঙ্গি-যোগের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!