- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১১, ২০২৫
বিধানসভার সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ইন্টারভিউ ও নিয়োগের দাবিতে উত্তাল রাজপথ
২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তাল হল কলকাতার রাজপথ। বৃহস্পতিবার ইন্টারভিউয়ের দাবিতে রাস্তায় নামেন পরীক্ষার্থীরা। তাদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা চত্বরে। এসপ্ল্যানেড স্টেশনের কাছে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ার চেষ্টা করলেও তারা ব্যারিকেড উপেক্ষা করে এগিয়ে যেতে থাকেন বিধানসভার দিকে। পেছন পেছন দৌড়াতে থাকে পুলিশও।
এক পর্যায়ে চাকরিপ্রার্থীরা বিধানসভা ২ নম্বর গেটের সামনে বসে পড়েন। তখন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে টেট পাশ করার পরও তিন বছর কেটে গিয়েছে, এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তাঁরা। সেই কারণে এদিন তাঁরা পথে নামতে বাধ্য হন। পাশাপাশি, ৫০ হাজার শূন্যপদের নিয়োগের দাবিও তোলেন আন্দোলনকারীরা।
পুলিশ বারবার ঘোষণা করতে থাকে যে, ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, আইন ভাঙা চলবে না। তবুও বিক্ষোভকারীরা বিধানসভার সামনে বসে পড়েন। শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে প্রিজ়ন ভ্যানে তোলে। আন্দোলনকারীদের একাংশ ভ্যানের সামনে বসে পড়লেও, তাঁদেরও জোরপূর্বক সেখান থেকে তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক এই ঘটনায় স্পষ্ট, টেট উত্তীর্ণদের চাকরি সংক্রান্ত অনিশ্চয়তা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে।
❤ Support Us







