- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১১, ২০২৬
সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ, আজ উদ্বোধন, মঞ্চ কাঁপাবেন শাকিরা
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবারের আয়োজক লাতিন আমেরিকা মহাদেশ। ৪৮ দলের এই প্রতিযোগিতাটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। প্রতি বিশ্বকাপের মতোই, এ বছরের প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি লাভজনক হবে। এর একটা প্রধান কারণ হল টিকিটের দাম। ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য দর্শকদের মোটা অঙ্কের টাকা খসাতে হবে। কারণ, সাধারণ টিকিটের ন্যূনতম দাম ভারতীয় টাকায় ১০ হাজার থেকে শুরু। ফাইনাল ম্যাচ দেখতে গেলে খরচ করতে হবে ৬ লক্ষ টাকারও বেশি।
আজ ভারতীয় সময় মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্বকাপ। চলবে ১৮ জুলাই পর্যন্ত। এবারের বিশ্বকাপে রয়েছে বেশি দল, ফলে একদিকে যেমন বেশি প্রতিযোগিতা, তেমনই উত্তেজনাও বেশি। কিন্তু এই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মার্কিন যুক্তরাষ্ট্রে এর আয়োজন, যেখানে ফুটবলের জনপ্রিয়তা তুলনামূলকভাবে কম। তা সত্ত্বেও, বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র উত্তেজনা। এবং এই উৎসাহকে কাজে লাগাতে টিকিটের দামও আকাশছোঁয়া।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে অন্যতম আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে ম্যাচ শুরু। তার আগে রাত ১০.৩০ থেকে উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজক তিন দেশেই আলাদা–আলাদাভাবে হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকোর ঐতিহ্যবাহী এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শাকিরা। এবার গাইবেন ‘ডাই ডাই।’ এছাড়া মেক্সিকান ব্যান্ড মানার অনুষ্ঠানের পাশাপাশি রায়ান কাস্ত্রো, ড্যানি ওসিয়ান, জে বলভিন, লাইলা ডাউনসরা মঞ্চ কাঁপাবেন। মেক্সিকোর চিরাচরিত ঐতিহ্য পাপেল পিকাডোকেও তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। মেক্সিকোর পর টরন্টো ও লস এঞ্জেলেসেও হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম অন্যান্য গ্রুপ পর্বের ম্যাচের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। প্রথম ম্যাচের জন্য ক্যাটাগরি–১ টিকিটের দাম ২৩০০ ডলারের বেশি, ভারতীয় মুদ্রায় প্রায় ২.২০ লক্ষ টাকা। সবচেয়ে সস্তা ক্যাটাগরি–৪ টিকিটের দাম ৫৬০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪ হাজার টাকা। গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচে ক্যাটাগরি–১ টিকিটের দাম ৫৭৫ ডলার, ক্যাটাগরি–৪ টিকিটের দাম ১০০ ডলার।
ফাইনালের টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি–১ এর দাম পড়বে ৬,৩৭০ ডলার, ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ টাকারও বেশি। এমনকি ক্যাটাগরি–৪ টিকিটও দর্শকদের পকেট খালি করার পক্ষে যথেষ্ট। যার দাম ২০৩০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১.৯৫ লক্ষ টাকা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফাইনালে সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম ছিল ১৬০৭ ডলার, আর সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ২০৬ ডলার।
❤ Support Us







