Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ৭, ২০২৬

কলাকুশলী-টেকনিশিয়ানদের নিরাপত্তার দাবিতে টালিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি

আরম্ভ ওয়েব ডেস্ক
কলাকুশলী-টেকনিশিয়ানদের নিরাপত্তার দাবিতে টালিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে প্রতিবাদে ফুঁসছে টলিউড। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনা শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, বরং গোটা বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজক সংগঠন একজোট হয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দেয়। সেই আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকেই স্তব্ধ হয়ে যায় টালিগঞ্জের স্টুডিওপাড়া। যেখানে প্রতিদিন ভোর থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততা দেখা যায়, সেখানে এদিন সব শুটিং ফ্লোরে ঝুলেছে তালা। নেই কোনো শুটিং, নেই তারকাদের ব্যস্ততা কিংবা কলাকুশলীদের কাজের ডাক।

রবিবারের বৈঠকে সিনে ইন্ডাস্ট্রির সব সংগঠন মিলিতভাবে এই কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। স্টুডিওগুলির নীরবতা প্রমাণ করে, এই ধর্মঘটকে সর্বস্তরের শিল্পীরা সমর্থন জানিয়েছেন। এমনকি স্টুডিওর নিরাপত্তারক্ষীরাও অনিশ্চয়তায় রয়েছেন—কবে আবার শুরু হবে শুটিং, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই। অনেকের মতে, পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে। তবে এই সাময়িক স্থবিরতা নিয়ে শিল্পীদের মধ্যে অনুতাপ নেই; বরং সকলেই রাহুলের ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ।

মঙ্গলবার সকাল থেকে শুটিংয়ের বদলে টেকনিশিয়ান স্টুডিওতেই জমায়েত হন অভিনেতা ও কলাকুশলীরা। সকাল ১০টা থেকে সেখানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল সকল সদস্যকে। জানা গেছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত-সহ আরও অনেকে। কর্মবিরতিকে সমর্থন জানাতে আসার কথা রয়েছে দেব-এরও।

প্রবীণ শিল্পীদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক না হলেও, ইন্ডাস্ট্রির সিনিয়র থেকে জুনিয়র—সবাই একসঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছেন। এক ছাদের তলায় দাঁড়িয়ে শিল্পীদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ বাংলা সিনেমার ইতিহাসে বিরল বলেই মনে করছেন অনেকে। এখন নজর টেকনিশিয়ান স্টুডিওর বৈঠকের সিদ্ধান্তের দিকে। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটাই জানার অপেক্ষায় গোটা সিনেদুনিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!