- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৬, ২০২৫
বিশ্বের সব দেশে এক-চতুর্থাংশ নারীর অধিকার বিপন্ন, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য
জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবক্ষয়; বিভিন্ন কারণে বিশ্বের সব দেশেই এক-চতুর্থাংশ নারীর অধিকার ক্ষতিগ্রস্থ। জাতিসংঘের নারী অধিকার সংক্রান্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। বিগত ১০ বছরে শিশু ও নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা ৫০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বিশ্বব্যাপী নারীঅধিকারের প্রতি ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রবল বৈষম্য, দুর্বল আইনি সুরক্ষা ও সহায়তাহীনতা ঘটনার সংখ্যা প্রতিবছর বেড়েই চলেছে। প্রতিবেদনে বলা হয়েছে কোনো দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে পড়লে সমানুপাতে লিঙ্গ সমতার বিষয়টিও দুর্বল হয়ে পড়ে। লিঙ্গসাম্যে অবিশ্বাসী মানুষেরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে নারীদের অধিকারের বিষয়ে দীর্ঘস্থায়ী ঐকমত্যকে দুর্বল করতে।
১৯৭৫ সালে মেক্সিকো শহরে প্রথম ‘বিশ্ব নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ৫ বছর পর , ১৯৯৫ সালে চিনের বেজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনকে লিঙ্গ সমতার জন্য বিশ্বব্যাপী চলা আন্দোলনের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত করা হয়। ১৮৯টি দেশ সর্বসম্মতিক্রমে সেই সম্মেলন থেকে নারীদের ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, বৈষম্য ও সসিংসতা বিরোধী একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। কর্মক্ষেত্রে নারীদের অগ্রগতি ও লিঙ্গ সমতা অর্জনের পথে বাধা ১২টি বিষয়কে চিহ্নিত করা হয়। বেজিং নারী সম্মেলন পূর্ববর্তী ৩ টি সম্মেলনের গৃহীত পদক্ষেপের সংমিশ্রন ও পুরনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তব জীবনে পুরুষদের সঙ্গে নারীর সমতা নিশ্চিত করবার লক্ষ্যে রাজনৈতিক চুক্তি ও আইন তৈরি করে। সে আলোচনায় ৬,০০০ সরকারি প্রতিনিধি সহ প্রায় ১৭,০০০ এরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন। উপস্থিত ছিলেন, ৪,০০০ এরও বেশি স্বীকৃত এনজিও প্রতিনিধি, আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী। শেষ সম্মেলন হয়েছিল ২০২০ সালে। জাতিসংঘের প্রতিবেদনে ১৯৯৫ সালের নারী বিষয়ক বিশ্ব সম্মেলনের নথির কথা উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গোটা বিশ্বের দেশগুলির পার্লামেন্টে ১৯৯৫ সালের তুলনায় নারী প্রতিনিধীর সংখ্যা ২ গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা পুরুষ সদস্য সংখ্যার অনুপাতে খুবই কম। ২০১০ ও ২০২৩ সালের মধ্যে সামাজিক সুরক্ষা সুবিধা সহ মহিলাদের সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে, যদিও প্রায় ২ বিলিয়ন মহিলা এখনো এ ধরনের কোনো সুরক্ষা ছাড়াই বসবাস করে।
বিগত একদশকে কর্মসংস্থানে লিঙ্গ সাম্য ব্যবস্থার স্থবির হয়ে আছে, কোনো অগ্রগতি হয়নি। একই জনসংখ্যায় যেখানে ২৫-৫৪ বছর বয়সী ৯২ শতাংশ পুরুষ কর্মসংস্থানের সুযোগ পায়, সেখানে ৬৩ শতাংশ মহিলারা সবেতন কাজ করেন। যৌন সহিংসতার পাশাপাশি সশস্ত্র সংঘাতপূর্ণ এলাকায় শিশু ও নারীরা হিংসা ও নির্যাতনের শিকার হন। অথ্য অনুসারে, ২০২৩ সালে ৬১২ মিলিয়ন নারী সংঘাতপূর্ণ এলাকার ৫০ কিলোমিটারের মধ্যে বাস করছেন, ২০১০ সালের তুলনায় যা ৫৪ শতাংশ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ ও মধ্য এশিয়ার ১২টি দেশে, অন্তত ৫৩ শতাংশ নারী এক বা একাধিক ধরনের লিঙ্গ-ভিত্তিক সহিংসতার সম্মুখীন হয়েছেন। বিশ্বব্যাপী, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে ক্রমাগত বেড়ে চলেছে। । ৩ জনের মধ্যে ১ জন নারী, সঙ্গীর কাছেই শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়াও গোটা বিশ্বে যৌন নির্যাতনের পরিসংখ্যান হাড়হিম করে দেবার মতো। প্রতিবেদনে কোভিড-১৯ মহামারী, বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন আর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তিকে লিঙ্গ সমতার বিরুদ্ধে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। লিঙ্গ বৈষম্য মোকাবেলার জন্য যে রোডম্যাপ জাতিসংঘ তৈরি করেছে, তাতে এআই-এর মতো নতুন প্রযুক্তি ব্যবহারের উপর প্রশাসনের লক্ষ্য রাখা, জলবায়ু সমস্যা মেটানো, দারিদ্র মোকাবিলায় বিনিয়োগ, নাগরিকদের লিঙ্গ বৈষম্য বিষয়ে সচেতন করা ও লিঙ্গগত সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়েছে।
❤ Support Us








