Advertisement
  • বি। দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৫

ভারত থেকে “চাল” আমদানিতে নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত থেকে “চাল” আমদানিতে নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতের চাল-সহ একাধিক কৃষিজাত পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সস্তা বিদেশি কৃষিপণ্যের কারণে মার্কিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন—এই অভিযোগকে ভিত্তি করেই ক্যানাডার সার এবং ভারতের চাল আমদানিতে অতিরিক্ত শুল্ক বসানোর ভাবনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

আমেরিকান কৃষকদের আর্থিক সুরাহার জন্য সদ্য ১২ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজ ঘোষণা করেছে হোয়াইট হাউস। সেই প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা দিতে কৃষকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে উপস্থিত বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন, ভর্তুকিযুক্ত বিদেশি চাল আমেরিকার বাজারে ঢুকছে এবং তাতে দেশীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের দাবি, ভারত থেকে আসা কমদামি চাল মার্কিন বাজারে দামের স্থিতি নষ্ট করছে।

এই অভিযোগ শুনে ট্রাম্প জানান, কোন কোন দেশ আমেরিকার বাজারে অস্বাভাবিক কম দামে চাল পাঠাচ্ছে, তা সরকার তদন্ত করে দেখবে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, যারা ‘প্রতারণা’ করছে বলে মনে হবে, তাদের বিরুদ্ধে বাড়তি শুল্ক আরোপ করা হবে। এই তালিকায় ভারত ছাড়াও থাইল্যান্ড ও চিনের নাম রয়েছে।

বৈঠকে উপস্থিত কেনেডি রাইস মিলস-এর মালিক মেরিল কেনেডি জানান, চিন সরাসরি মূল ভূখণ্ড থেকে নয়, বরং পুয়ের্তো রিকোর মাধ্যমে কম দামে চাল পাঠাচ্ছে; অথচ দীর্ঘদিন ধরেই মার্কিন চাল ব্যবসায়ীরা পুয়ের্তো রিকোতে চাল রফতানি করেন না। এ সব তথ্য শুনে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি তাঁর ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে প্রশ্ন করেন, “ভারত কেন এমন করছে? ভারতীয় চালের ওপর কি কোনও শুল্কছাড় আছে?” এরপরই তিনি পরিষ্কার করে দেন—আমেরিকান কৃষকদের স্বার্থ রক্ষায় ভারতীয় চালের ওপর আরও কঠোর শুল্ক আরোপ করা হবে।

মেরিল কেনেডি মন্তব্য করেন, “শুল্ক কার্যকর হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের তা আরও বাড়াতে হবে।”

উল্লেখ্য, চলতি বছরের অগস্ট মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে আপত্তি তুলে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা অনেক ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আগামী ১০–১১ ডিসেম্বর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা করতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতে আসার কথা। তার ঠিক আগে আবার নতুন শুল্কের হুঁশিয়ারি—যা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও চাপে ফেলতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!