- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ১১, ২০২৫
আন্তর্জাতিক চাপ ও মার্কিন আপত্তি সত্ত্বেও তৃতীয়বার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মাদুরো
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। এই নিয়ে টানা তৃতীয়বার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পদে বসলেন। দীর্ঘ ৬ মাস ধরে চলা নির্বাচনী বিতর্ক, রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও শপথ নিয়েছেন মাদুরো।
২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মাদুরো। তাঁর ১২ বছরের শাসনকালে দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। তাঁকে সরানোর জন্য আন্তর্জাতিক চাপ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২০ সালে মাদুরো ও তাঁর প্রশাসনের অন্য নেতাদের মাদক ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছিল। মাদুরোসহ ৩০ জন নেতার ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। কানাডাও ১৪ জন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। মাদুরো সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে শপথ নিলেন।
গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশের নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করে। যদিও তাঁর বিজয় নিশ্চিত করে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল কখনোই প্রকাশ করা হয়নি। বিরোধী শিবিরের দাবি, ব্যালট বাক্সের ভোটের হিসেবে জয়লাভ করেছেন মাদুরোর বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেস। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাঁকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা বলেছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না।
নির্বাচনের পর থেকেই বিতর্ক আরও তুঙ্গে ওঠে। গত সেপ্টেম্বরে মাদুরোর বিরোধী এডমুন্ডো গনজালেস স্পেনে পালিয়ে যান। তাঁর মিত্র মারিয়া করিনা মাচাডো ভেনেজুয়েলায় আত্মগোপন করেন। মাদুরো জেতার পর থেকেই বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আটক করা হয়। দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। নতুন করে বিক্ষোভের মুখে তাঁর ক্রমবর্ধমান দমনমূলক শাসনকে প্রসারিত করেছেন মাদুরো।
ভেনেজুয়েলার আইনসভা প্রাসাদে শপথ গ্রহণের পর জ্বলন্ত বক্তৃতা দেন মাদুরো। নিরাপত্তা বাহিনী দ্বারা কঠোরভাবে পাহারায় ছিলেন মাদুরো। নিজেকে বাইবেলের ডেভিডের সাথে তুলনা করেছেন। তিনি বিরোধী ও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, তৃতীয়বার ছয় বছরের মেয়াদে তাঁর অভিষেক আটকাতে ব্যর্থতা ভেনেজুয়েলার শান্তি ও জাতীয় সার্বভৌমত্বের জন্য ‘মহান বিজয়’।
লাল, হলুদ ও নীল রঙে দিয়ে ভেনেজুয়েলার পতাকায় মোড়ানোর পর তিনি বলেন, ‘আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বা লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদী সরকার দ্বারা রাষ্ট্রপতি করা হয়নি। আমি জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। আমি জনগণের, এবং আমার ক্ষমতা ইতিহাস এবং জনগণ থেকে উদ্ভূত। জনগণের কাছে, আমি আমার সমস্ত জীবন, শরীর এবং আত্মা ঋণী।’
❤ Support Us








