Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৫

জলস্তর বেড়েছে সব নদীতে, আশঙ্কা পুণ্যস্নানে

আরম্ভ ওয়েব ডেস্ক
জলস্তর বেড়েছে সব নদীতে, আশঙ্কা পুণ্যস্নানে

শুরু হয়েছে মহালয়া থেকে। চলবে কালীপুজো পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ঘাটে ঘাটে চলছে পুণ্যস্নান। কিন্তু দেখা যাচ্ছে, ভাগীরথী, অজয়, খড়ি, দামোদর-সহ জেলার প্রায় সব নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্নানকে ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর হয়েছে নদী লাগোয়া কাটোয়া, কালনা, দাঁইহাট পুরসভা-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। নেওয়া হয়েছে গুচ্ছ ব্যবস্থা। এমনিতেই বর্ষায় এবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে ডিভিসির ছাড়া জলে নদীগুলির এমনিতেই ভরো ভরো হাল। এখন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের বৃষ্টিতে প্রতিটি নদীর কূল ছাপানো দশা। তাই বিপদের ঝুঁকি নিয়েই স্নান করছেন পুণ্যার্থীরা।
মুশকিল হচ্ছে নদীর স্রোত কোথায় কতটা বেশি, তা স্নানার্থীদের বোঝার কথা নয়। কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন, ‘স্নানের ঘাটের একটা অংশ জাল ও দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিপদ এড়াতে ঘেরা জায়গার মধ্যে স্নান করতে বলা হচ্ছে।’ কালনার উপ-পুরপ্রধান তপন পোড়েল বললেন, ‘কুমির আতঙ্ক নিয়ে কালনা মহকুমার ভাগীরথীর বিভিন্ন ঘাটে মহালয়ার তর্পণ সেরেছেন পুণ্যার্থীরা। এবার আতঙ্ক জলস্তরের বৃদ্ধি। যারা স্নান করতে আসছেন, তাদের উদ্দেশে সতর্কতা প্রচার করা হচ্ছে।’ কালনার মহিষমর্দিনীতলার ঘাটে ভিড় বেশি হয়। সেখানেও ঘাটের একটা অংশ ঘিরে রাখা হয়েছে। তাতে কেউ আর ভেসে যেতে পারবে না। বিভিন্ন ঘাটে চলছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের নজরদারি। টহল দিচ্ছে পুলিশ। মাঝেমাঝে হাজির হচ্ছেন বন দপ্তরের কর্মীরা। স্নান করতে আসা লোকজনকে আশ্বস্ত করার পাশাপাশি নির্দেশিকা মেনে স্নানের পরামর্শ দিচ্ছেন। কাটোয়া মহকুমা প্রশাসন সূত্রের খবর, বাজারঘাট, গোয়ালপাড়া ঘাট, দেবরাজ ঘাট, শ্মশান ঘাট, কাশীগঞ্জ ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাইকে সতর্কতা প্রচার করা হচ্ছে। একই চিত্র দামোদরের বিভিন্ন ঘাটে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!