- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৫, ২০২৬
পুলিশে প্রায় ১২ হাজার নিয়োগ, পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প : পুজোর আগে একাধিক বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজোর আগে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি কর্মসংস্থান, পুলিশ প্রশাসন, শিক্ষা এবং অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা নিয়ে বেশ কিছু ঘোষণা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই সরকারি বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অধীনে কর্মরত ‘কর্মবন্ধু’ বা সাফাইকর্মীদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতদিন তাঁরা ৫ হাজার টাকা করে পেতেন। এবার সেই পরিমাণ বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই অস্থায়ী কর্মীরা বর্ধিত ভাতা পাবেন বলে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও রয়েছে একাধিক উদ্যোগ। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন থেকে রাজ্যে জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন থানার হাতে ৪০০টি গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর পরদিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম পর্যায়ের নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা। প্রায় ১২ হাজার প্রার্থী এই নিয়োগের আওতায় আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারি চাকরির ক্ষেত্রেও বড়ো সংখ্যক নিয়োগের ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১৪,৪৫৪টি পদে নিয়োগ করা হবে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ এগিয়ে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। পাবলিক সার্ভিস এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। বন দপ্তর, দমকল, কারা দপ্তর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক সরকারি বিভাগে এই নিয়োগের সুযোগ তৈরি হবে। যোগ্য প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। শিক্ষাক্ষেত্রেও নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের হস্টেলে থাকা পড়ুয়াদের খাবারের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে মাথাপিছু বরাদ্দ ছিল ১,৮০০ টাকা। সেটিই বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।
এছাড়াও অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালুর কথা জানানো হয়েছে। এই প্রকল্পে যোগ্য অবিবাহিত মহিলারা তিন বছর ধরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কর্মসংস্থান ও জনকল্যাণের বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনেও একাধিক পদক্ষেপ নেওয়া হবে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে আরও সরকারি নিয়োগ সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন দপ্তরে প্রশাসনিক কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
❤ Support Us






