- দে । শ
- অক্টোবর ১, ২০২৬
মন্ত্রী-আমলাদের জন্য ১৫১ নতুন গাড়ি কিনছে রাজ্য, সরকারি গাড়ির পতাকাতেও নিয়ম বদল
পুরনো ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়া গাড়ির বদলে এবার নতুন গাড়ি কিনতে চলেছে রাজ্য সরকার। সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের ব্যবহারের জন্য মোট ১৫১টি নতুন গাড়ি কেনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। টেন্ডারও হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রায় মাস দেড়েকের মধ্যেই নতুন গাড়িগুলি এসে পৌঁছনোর কথা।
জানা গিয়েছে, নতুন গাড়ির তালিকায় থাকছে মাহিন্দ্রা স্করপিও এবং টয়োটার বিভিন্ন মডেল। নবান্ন সূত্রের দাবি, প্রায় এক দশক পর একসঙ্গে এত সংখ্যক সরকারি গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতদিন মূলত ভাড়ার গাড়িই বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের যাতায়াতের কাজে ব্যবহার করা হত। কিন্তু গত কয়েক বছরে প্রায় ২০০টি গাড়ি কার্যত জরাজীর্ণ হয়ে পড়ে। কোথাও সিট ভেঙে গিয়েছে, কোথাও আবার ঠিকমতো কাজ করছে না এসি। পাশাপাশি, পুরনো গাড়িগুলির জ্বালানি খরচও ক্রমশ বেড়ে যাচ্ছিল। ফলে একাধিক দিক থেকেই গাড়িগুলি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। সরকারি আধিকারিকদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় গাড়ির ক্ষেত্রেও তৈরি হচ্ছিল ঘাটতি। প্রথমদিকে বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করা হয়েছিল। তবে গাড়ির গতি, তুলনামূলক বেশি দাম এবং দীর্ঘ দূরত্বে যাওয়ার ক্ষেত্রে চার্জ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা—এই বিষয়গুলিও বিবেচনায় রাখা হয়। সেই কারণে শেষ পর্যন্ত পেট্রলচালিত গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
অন্যদিকে, সরকারি দপ্তরের জন্য গাড়ি সরবরাহকারী পুলকার মালিকরাও দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ভাড়া না বাড়ালে গাড়ি পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছিলেন তাঁদের একাংশ। সব দিক বিবেচনা করেই এবার নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নবান্নের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, পুরনো মন্ত্রীদের ব্যবহৃত গাড়ি নিতে নতুন মন্ত্রীদের অনেকেই আগ্রহী ছিলেন না। তবে সরকারি নিয়ম মেনে গাড়ি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেই প্রক্রিয়া মেনেই সিদ্ধান্ত নেওয়ার পর নতুন গাড়ি কেনার জন্য টেন্ডার ডাকা হয়। অর্থ দপ্তরের অনুমোদনও দ্রুত পাওয়া যায়। ইতিমধ্যেই গাড়ির বরাত সংক্রান্ত প্রক্রিয়াও এগিয়ে গিয়েছে।
নতুন গাড়িগুলি এসে পৌঁছনোর পর কোন গাড়ি কোন আধিকারিকের নামে বরাদ্দ করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরি ও সংরক্ষণ করবে নবান্ন। একইসঙ্গে ওই তথ্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে।
এদিকে, সরকার বদলের পর পশ্চিমবঙ্গের উচ্চপদস্থ আইএএস আধিকারিকদের সরকারি গাড়ির সামনের ড্যাশবোর্ডে থাকা পতাকাতেও পরিবর্তন আনা হয়েছে। আগে সেখানে ‘ব’ লেখা পতাকা ব্যবহার করা হত। সেটি সরিয়ে বর্তমানে নীল রঙের পতাকায় অশোকচক্রের লোগো ব্যবহার করা হচ্ছে।
নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারের আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে নির্দিষ্ট ধরনের পতাকা ব্যবহার করতে হবে। সরকারি কাজে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বৈঠকে আধিকারিকরা অংশ নেওয়ার সময় তাঁদের পরিচয় ও পদমর্যাদা স্পষ্ট করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা করা হয়েছে। আধিকারিকের পদমর্যাদা অনুযায়ী পতাকার নকশা ও আকারেও পার্থক্য রাখা হয়েছে।
❤ Support Us






