- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২৫, ২০২৬
‘এনডিপিএস’ আইনের সঙ্গে সংঘাত ! ‘গুন্ডাদমন বিল’-এ মিলল না রাষ্ট্রপতির অনুমোদন
পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন বিল’ নিয়ে বড়ো ধাক্কা খেল রাজ্য। বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এ অনুমোদন দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রাজ্য সরকারের পাঠানো বিলের খসড়া রাষ্ট্রপতি ফেরত পাঠিয়েছেন। তাঁর আপত্তি, প্রস্তাবিত আইনের একটি অংশের সঙ্গে ১৯৮৫ সালের এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যাণ্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আ্যক্ট) আইনের সংঘাত তৈরি হচ্ছে।
গত ২৯ জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় এই বিল। পরে বিলটিকে আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন ছিল। রাজ্য সরকারও দ্রুত সে প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি না মেলায় বিলটি আপাতত কার্যকর হচ্ছে না। প্রস্তাবিত আইনে জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণে প্রশাসনকে বেশ কিছু বিশেষ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। বিলের খসড়া অনুযায়ী, প্রশাসনের যদি মনে হয় কোনো ব্যক্তি জননিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন অথবা কোনও বড় ধরনের সমাজবিরোধী অপরাধের ষড়যন্ত্র করছেন, তাহলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাঁকে বিনা বিচারে সর্বোচ্চ ১২ মাস বা এক বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে।
এছাড়াও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণের বিশেষ বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে, সরকার-নির্ধারিত কমিশন চাইলে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ‘দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ’ বা জরিমানা আরোপ করতে পারবে। বিলে ‘গুন্ডা’ এবং ‘সমাজবিরোধী’ কার্যকলাপের সংজ্ঞা ও পরিধিও বিস্তৃত করা হয়েছে। প্রস্তাবিত আইনে সিন্ডিকেটরাজ, তোলাবাজি, গায়ের জোরে সাধারণ মানুষের জমি বা বাড়ি দখল, বেআইনিভাবে নদী থেকে বালি তোলা এবং অবৈধ খনি কারবারের মতো কর্মকাণ্ডকে সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। একইসঙ্গে, যে সমস্ত ব্যক্তি সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেন, তাঁদেরও ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করার বিধান রাখা হয়েছে।
তবে রাষ্ট্রপতির আপত্তির মূল জায়গা হয়েছে প্রস্তাবিত আইনের সঙ্গে এনডিপিএস আইনের সম্ভাব্য সংঘাত। বিলটি ফেরত পাঠানোর সময় রাষ্ট্রপতির তরফে জানানো হয়েছে, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের সঙ্গে এই আইনের একটি অংশের অসঙ্গতি তৈরি হচ্ছে। রাষ্ট্রপতি বিলটি ফেরত পাঠালেও এখানেই প্রক্রিয়া শেষ হচ্ছে না। প্রয়োজনীয় সংশোধন এনে রাজ্য সরকার চাইলে বিলটি ফের বিধানসভায় পেশ করতে পারে। অর্থাৎ, আপত্তির জায়গাগুলি খতিয়ে দেখে সংশোধিত বিল আবার পাশ করিয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় এগোনোর সুযোগ রাজ্য সরকারের হাতে রয়েছে।
এদিকে রাষ্ট্রপতি বিলটি ফেরত পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিরোধী শিবির। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘ডবল ইঞ্জিন শুধু পোস্টারেই। প্রশাসনের ক্ষেত্রে শুধুই রিভার্স গিয়ার। হোমওয়ার্ক সংশোধন করার জন্য পাঠানো হলো।’ ফলে ‘গুন্ডাদমন বিল’ নিয়ে এখন পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। রাষ্ট্রপতির আপত্তির জায়গাগুলি কীভাবে সংশোধন করা হয় এবং সংশোধিত বিল ফের বিধানসভায় পেশ করা হয় কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ।
❤ Support Us






