Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৫

কৃষকদের সুরাহায়, ৩ লাখ ব্যয়ে পূর্বস্থলীতে কাঠের সেতু নির্মাণ

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃষকদের সুরাহায়, ৩ লাখ ব্যয়ে পূর্বস্থলীতে কাঠের সেতু নির্মাণ

কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য। কৃষকদের স্বার্থে তৈরি করে দিল সেতু। পূর্বস্থলী ১নং ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা কৃষিজমি আর গোটা চারেক গ্রামের মাঝে বিশাল বিল থাকায় চাষাবাদে খুবই সমস্যা হত কৃষকদের। সমস্যা মোকাবিলায় কৃষকরা আবেদন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে। তাঁর চেষ্টায় চাঁদের বিলের উপর তৈরি হল কাঠের সেতু। সেতুটি তৈরি করতে রাজ্য সরকার ৩ লক্ষ ৪৮ হাজার টাকা দিয়েছে। সেতুটি উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘সেতুটি তৈরি হওয়ার ফলে এলকার মুনশিপাড়া, রাহাতপুর, দক্ষিণবাটি-সহ এলাকার কয়েকশো একর কৃষিজমির চাষাবাদের কাজে যেমন সুবিধা হবে, তেমনই উৎপাদিত ফসল মাঠ থেকে বয়ে আনার রাস্তাও সুগম হল। উপকৃত হবেন এলাকার বহু কৃষক।’

পূর্বস্থলী ১নং ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের মুনশিপাড়া, রাহাতপুর ও দক্ষিণবাটির মধ্যে চাঁদের বিল রয়েছে। বিলের দুই পাড়ে কয়েকশো একর কৃষিজমি রয়েছে। এপাড় থেকে অন্যপাড়ে যাওয়ার জন্য এতদিন কোনও সেতু না থাকার কারণে এলাকার কৃষকরা খুব কষ্ট করেই চাষাবাদ করতেন। শুধু তাই নয়, উৎপাদিত ফসল বহন করে আনার পক্ষেও চরম অসুবিধার শিকার হতেন তারা। সেই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পূর্বস্থলী ১নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি কাঠের সেতুটি তৈরি করা হল। সেতুর সূচনা অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। সেতুটি হওয়ায় বেজায় খুশি এলাকার কৃষকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!