- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৫, ২০২৩
মহিলা প্রিমিয়ার লিগে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স, হ্যাটট্রিক করে ইতিহাসে আইসি ওং
শুরু থেকেই অপ্রতিহত গতিতে এগোচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। ষষ্ঠ ম্যাচে এসে প্রথম পরাজয়। ইউপি ওয়ারিয়র্জ বিজয় রথ থামিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। একম্যাচ পরে দিল্লি ক্যাপিটালসের কাছে হার। দিল্লির কাছে পরাজয় সরাসরি ফাইনাল খেলার সুযোগ কেড়ে নিয়েছিল মুম্বইয়ে। যদিও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। এলিমিনেটর ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৭২ রানে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিলেন হরমনপ্রীত কাউররা। দুরন্ত হ্যাটট্রিক করে মুম্বইকে জয় এনে দিলেন আইসি ওং। মহিলা প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক করে নজির গড়লেন তিনি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮২/৪ তোলে মুম্বই। জবাবে ১৭.৪ ওভারোএ ১১০ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্জ।
প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় মুম্বই। ১৮ বলে ২১ রান করে আউট হন যস্তিকা ভটিয়া। এরপর হেইলি ম্যাথিউজ ও ন্যাট স্কিভার দলকে এগিয়ে নিয়ে যান। দশম ওভারের প্রথম বলেই ম্যাথিউজকে (২৬ বলে ২৬) পার্শ্বভি চোপড়া। অধিনায়ক হরমনপ্রীত কাউর (১৪) বড় রান না পেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বড় রানের ভিত গড়ে দেন ন্যাট স্কিভার ও মেলিয়ে কের। ১৯ বলে ২৯ রান করে আউট হন মেলিয়ে কের। ৩৮ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ন্যাট স্কিভার। ১১ রান করেন পূজা বস্ত্রকার। ৩৯ রানে ২ উইকেট নেন সোফিয়ে একলেস্টোন। অঞ্জলি সর্বানি ও পার্শ্বভি চোপড়া ১টি করে উইকেট পান।
জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল ইউপি ওয়ারিয়র্জের সামনে। তাঁর ওপর শুরুতেই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায়। ইউপি ওয়ারিয়ার্জকে প্রথম ধাক্কা দেন সাইকা ইশাক। দ্বিতীয় ওভারেই তুলে নেন শ্বেতা সেহরাওয়াতকে (১)। পরের ওভারেই অ্যালিসা হিলিকে (১১) ফেরান আইসি ওং। পঞ্চম ওভারের প্রথম বলে তাহলিয়া ম্যাকগ্রা (৭) রান আউট হতেই চাপে পড়ে যায় ইউপি ওয়ারিয়র্জ। গ্রেস হ্যারিসও (১৪) বড় রান পাননি। ইউপি–র ইনিংসে ধস নামান আইসি ওং। দুরন্ত হ্যাটট্রিক করেন। পরপর তুলে নেন কিরণ নভগিরে (২৭ বলে ৪৩), সিমরন শেখ (০) ও সোফিয়ে একলেস্টোনকে (০)। মহিলা প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ১১০ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্জ। ১৫ রানে ৪ উইকেট নেন আইসি ওং। সাইকা ইশাক নেন ২ উইকেট।
❤ Support Us








