Advertisement
  • দে । শ
  • জুন ১১, ২০২৬

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা তৃণমূলের প্রকাশচিক বরাইকের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা তৃণমূলের প্রকাশচিক বরাইকের

রাজ্যসভায় ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। মাত্র চার দিনের ব্যবধানে দলের তিন জন সাংসদ পদত্যাগ করায় সংসদের উচ্চকক্ষে তৃণমূলের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেল। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের অন্যতম তফসিলি উপজাতি মুখ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রকাশচিক বরাইক।

রাজ্যসভায় তৃণমূলের ভাঙন-পর্বের সূচনা হয় গত সোমবার, যখন সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। এরপর বুধবার পদত্যাগ করেন সুস্মিতা দেব। সুখেন্দুশেখর ও সুস্মিতা দু’জনেই শুধু সাংসদ পদ নয়, তৃণমূল কংগ্রেসও ত্যাগ করেন। তবে প্রকাশচিক বরাইকের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিলেও এখনও পর্যন্ত দল ছাড়ার কোনও ঘোষণা করেননি।

প্রকাশচিক বরাইককে ২০২৩ সালে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল। যদিও সেই নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি। দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার বিষয়েও আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

তবে ঠিক কী কারণে প্রকাশচিক সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন, তা এখনও স্পষ্ট নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের অভ্যন্তরে অস্থিরতা এবং মতবিরোধ প্রকট হয়ে উঠেছে। পরিষদীয় দলে ভাঙনের পাশাপাশি লোকসভায়ও দলের সাংসদদের এক বড় অংশ নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একই সঙ্গে রাজ্যসভাতেও দলের সাংগঠনিক ও সাংসদীয় শক্তি ক্রমশ ক্ষয় হতে শুরু করেছে।

গত সপ্তাহ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মোট ১৩ জন সাংসদ ছিলেন। কিন্তু সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকের পরপর তিনটি ইস্তফার ফলে সেই সংখ্যা কমে দাঁড়াল ১০-এ। অন্যদিকে, লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে মাত্র আট জন এখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত রয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে।
ফলে সংসদের দুই কক্ষেই তৃণমূলের রাজনৈতিক অবস্থান ও সাংসদীয় শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!