- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ২৮, ২০২৫
আবার রক্তস্নাত খাইবার পাখতুনখোয়া, আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৩ পাকিস্তানি সেনা। আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিহানার বাড়বাড়ন্তে প্রবল চাপে ইসলামাবাদ
পাকিস্তানে আবার আত্মঘাতী জঙ্গি হামলা। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলা। শনিবার সকালে এক সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারিয়েছেন ১৩ জন সেনা। আহত হয়েছেন অন্তত ২৯ জন, যাঁদের মধ্যে মহিলা, শিশু, সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন সেনা-আধিকারিক রয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরকবোঝাই একটি বড় গাড়ি আচমকা পাকসেনার কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। কনভয়ের গাড়িটি জনবহুল এলাকায় বোমা নিষ্ক্রিয় করার কাজে নিযুক্ত ছিল বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ছিন্নভিন্ন হয়ে যায় সেনাবাহিনীর গাড়ি। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে আশেপাশের ২ টি বাড়ির ছাদ। আহত হয় ৬ টি শিশু। নাম প্রকাশে অনিচ্ছুক, সে দেশের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ‘বিস্ফোরণে ১৩ সেনা প্রাণ হারিয়েছেন। ১০ জন সেনা জওয়ান এবং ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন সেনার অবস্থা আশঙ্কাজনক।’ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবানের হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী। খবর নিশ্চিত করে ইসলামাবাদ জানিয়েছে, ওই গোষ্ঠীর আত্মঘাতী স্কোয়াডই ওই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে লাগাতার বেড়েছে পাকিস্তানে, বিশেষ করে আফগান সীমান্তবর্তী এলাকায়, জঙ্গি হানার ঘটনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটি থেকেই লাগাতার হামলার ছক কষছে জঙ্গিরা। যদিও তালিবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। এএফপির পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত খাইবার পাখতুনখোয়া আর বালোচিস্তানে সরকারি বাহিনীর উপর জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে প্রায় ২৯০ জনের, যাঁদের অধিকাংশই সেনা ও নিরাপত্তাকর্মী। জম্মু-কাশ্মীর থেকে আফগানিস্তান — দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অংশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। চাপ বাড়ছে শেহবাজ শরীফের সরকারের উপরে।
❤ Support Us






