- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১, ২০২৩
ভয়ের পরিবেশ তৈরির অভিযোগে নিষিদ্ধ ১৪ অ্যাপ।উপত্যকায় শান্তি ফেরাতে তৎপর কেন্দ্রের কড়া বার্তা
এলাকা জুড়ে ভীতিপ্রদ পরিবেশ তৈরিতে উস্কানি দেওয়ার জন্য জম্মু কাশ্মীরে ১৪ অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থার খবর, গোয়েন্দাদের মারফত খবর পেয়েই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, ব্রিয়ার, এনিগমা, বিচ্যাট, আইএমও, মিডিয়া ফায়ার, এলিমেণ্ট, সেকেন্ড লাইন সহ একাধিক বহু ব্যবহৃত জনপ্রিয় সফটওয়্যার।
দীর্ঘদিন ধরে গুপ্তচরদের মাধ্যমে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিভিন্ন জঙ্গি সংগঠন এলাকায় নিজেদের যোগাযোগের একটা নেটওয়ার্ক তৈরির কাজ করছেন, সে খবর তাঁদের কাছে ছিলই। সম্প্রতি, নিজেদের এজেন্টদের মারফত তাঁরা খবর পান, প্লে স্টোর থেকে ডাউনলোড করা বিভিন্ন মোবাইল অ্যাপের অপব্যবহার করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের সংবেদনশীল জায়গাগুলোতে ভুয়ো খবর ছড়িয়ে ভয়ের এক পরিবেশ তৈরিতে সরাসরি মদত দিচ্ছে সন্ত্রাসবাদীরা।
কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার আধিকারিকরা বিষয়টি জানতে পেরে সরাসরি তদন্তে নামেন। জানতে পারেন, যে সমস্ত ম্যাসেঞ্জার অ্যাপগুলো ব্যবহার করা হচ্ছে তাঁদের ভারতের কোনো প্রতিনিধি স্থানীয় সংস্থা নেই। তাই চেষ্টা করলেও তাঁদের নাগাল পাওয়া কঠিন। সে কারণে কোন কোন মোবাইল অ্যাপের অপব্যবহার করা হচ্ছে তার তালিকা তৈরি করেন গোয়েন্দারা। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে অ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে তালিকাটি পাঠিয়ে দেওয়া হয়। তদন্তকারীদের রিপোর্ট পাওয়ার পরই নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র। তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এর ৬৯- (ক) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, জাতীয় সুরক্ষার প্রশ্নে নিজেদের আপোষহীন অবস্থানকে তুলে ধরতে কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হল ক্ষমতাসীন বিজেপি সরকার।
❤ Support Us







