- দে । শ
- মে ৮, ২০২৬
রাজ্যে সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ । একদিনের জন্য পশ্চিমবঙ্গে জারি রাষ্ট্রপতি শাসন ?
মমতা ব্যানার্জি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও কোনও লাভ হল না। তিনি পদত্যাগ না করলেও সপ্তদশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। সাংবিধানিক বিধি মেনে বৃহস্পতিবার রাতেই রাজ্যপাল পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন। রাজ্যপালের নির্দেশ মেনেই রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন।
৭ মে ছিল পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভার মেয়াদের শেষ দিন। নিয়ম মেনেই রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। পরিষদীয় দফতর থেকে বৃহস্পতিবার গেজেট নোটিফিকেশন জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারার (বি) উপধারা অনুসারে ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন। ফলে বৃহস্পতিবার রাত ১২ পর রাজ্য বিধানসভার আর কোনও অস্তিত্ব রইল না।
৯ মে শনিবার সকাল ১০টায় নতুন মন্ত্রীসভা শপথ নেবে। বিধানসভা ভেঙে দেওয়ায় মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রীর পদে নেই। যদি তিনি পদত্যাগ করতেন, তাহলে হয়তো নতুন মন্ত্রীসভা গঠন না হওয়া পর্যন্ত মমতা ব্যানার্জিকে তদারকি সরকারে দায়িত্ব দিতেন রাজ্যপাল। যেহেতু তিনি পদত্যাগ করেননি, তাই তাঁকে বরখাস্ত করা হতে পারে। শনিবার নতুন মন্ত্রীসভা গঠন না হওয়া পর্যন্ত একদিনের জন্য পশ্চিমবঙ্গে রাজ্যপালের শাসন জারি হতে পারে। যা আগে কখনও রাজ্যের ইতিহাসে ঘটেনি। নতুন কোনও তদারকি সরকারকে একদিনের জন্য দায়িত্ব দিতে গেলেও শপথ নিতে হবে।
এদিকে, বৃহস্পতিবারই রাজ্য থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আন্ডার সেক্রেটারি প্রফুল্ল অবস্থি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০২৬ বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ায় পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে দক্ষিণ ২৪ পরগনার ১৪৪ ফলতা কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ জারি হওয়ায় সেখানে এখনই বিধি উঠছে না।
❤ Support Us





