- দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
জেলা সভাপতির গড়েই ভাঙন, পূর্বস্থলীর ৩৩ পদ্ম সমর্থক যোগ দিল তৃণমূলে
পূর্বস্থলীতে ফের ভাঙন বিজেপিতে। খোদ জেলা সভাপতির গড়েই। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় যে এলাকায় থাকেন, সেখানেই ভাঙল বিজেপি। পূর্বস্থলীর পাটুলির দামপাল এলাকায় তৃণমূল শিবিরে যোগ দিল ৩৩টি বিজেপি সমর্থক পরিবার। তাদের হাতে ঘাসফুল আঁকা দলীয় পতাকা তুলে দেন সংশ্লিষ্ট পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। তিনি জানান, ‘বিজেপির সমর্থক ৩৩টি পরিবার তৃণমূলে যোগদান করল। আরও বেশ কয়েকটি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে।’
বিধানসভা ভোটের আগে পদ্মশিবিরে এই ভাঙনের ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে গুঞ্জন। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির কয়েকজন প্রবীণ নেতার অভিযোগ, কয়েকদিন আগে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অনেক কর্মী সমর্থকদের মনে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। কারণ যে পদ্ধতিতে মণ্ডল সভাপতিদের নির্বাচিত করা হয় তা করা হয়নি। জেলা সভাপতির মনপসন্দ লোকজনকেই মণ্ডল সভাপতির পদে বসানো হয়েছে। সেই কারণেই পূর্বস্থলীর যে এলাকায় বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় থাকেন, সেখানেই বিজেপি শিবিরে ভাঙন দলে তার প্রতি ক্ষোভেরই এক বহিঃপ্রকাশ। যদিও সেইকথা মানতে নারাজ গোপালবাবু। তিনি জানান, ‘যারা যোগ দিয়েছে বলা হচ্ছে, তারা বিজেপির কেউ নয়।’
❤ Support Us





