- দে । শ
- আগস্ট ৯, ২০২৪
কালনায় গণধোলাইয়ে ধৃত ৫
মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেঁধে গণধোলাই ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে কালনার পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম মিঠুন রাম, শচীন কুমার, রফিকুল ইসলাম শেখ, বিশ্বজিৎ বিশ্বাস ওরফে রাখাল ও মধুসূদন কীর্তনীয়া। এদের মধ্যে মিঠুন ও শচীনের বাড়ি বিহারের বৈশালী। রফিকুল কলকাতা এবং বিশ্বজিৎ ও মধুসূদনের বাড়ি কালনার কাটিগঙ্গায়। শুক্রবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
মোবাইল চোর সন্দেহে বৃহস্পতিবার ভোরে কালনা শহরের কাঠিগঙ্গা মহিষমর্দিনী মাতার পুজোর মেলার মাঠে এলাকারই যুবক শ্যামল পাশোয়ানকে বেঁধে গণধোলাই দিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ ওঠে পুজোর মেলায় নাগরদোলা নিয়ে আসা ভিন রাজ্য ও ভিন জেলার কয়েকজন-সহ স্থানীয়দের বিরুদ্ধে। আক্রান্তকে কয়েক ঘন্টা পর উদ্ধার করে কালনা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন যুবকের মা শ্যামলী পাসোয়ানও। কালনা থানায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হতেই পুলিশ ঘটনার তদন্তে নামে ও ৫ জনকে গ্রেফতার করে।
❤ Support Us






