- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৮, ২০২৫
উত্তরপ্রদেশে ‘লাড্ডু মহোৎসবে’ মঞ্চ ভেঙে দুর্ঘটনা। চাপা পড়লেন ৫০ পুণার্থী, নিহত ৬
পুলিশ সূত্রে খবর মঞ্চের নীচে অনেকে চাপা পড়ে আছেন। মৃত্যুর সংখ্যা বাড়বার সম্ভাবনা রয়েছে। বাগপতের জেলাশাসক জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৬ জন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। পুণ্যার্থীদের উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ।
উত্তরপ্রদেশে বাগপত জেলায় জৈনদের ধর্মীয় সমাবেশ চলাকানীল দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বঁদাউ শহরের গান্ধী রোডের মনস্তম্ভ কমপ্লেক্সে উৎসব চলছিল। লাড্ডু বিতরণ প্রথাকে কেন্দ্র করে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। কয়েকশো মানুষ সেই উপলক্ষে জমায়েত করেন। সে সময় একটি ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভক্তদের উপর। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে এ দিক-ও দিক পালাতে থাকেন ভক্তেরা। পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আহতদের মধ্যে রয়েছেন মহিলা, রয়েছে শিশুরাও। বেশি ওজন সইতে না পেরেই মঞ্চ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বাগপতের পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গী ও অনান্য পুলিশ আধিকারিকরা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ১০০-র বেশি অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে। বিজয়বর্গী জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। যাঁরা অল্প চোট পেয়েছেন তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তরফে আরো জানানো হয়েছে, ভগবান আদিনাথের মন্দিরে লাড্ডু নিবেদন করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন জৈন সন্ন্যাসীরাও। মঞ্চটির ওপরে একটি ৪-৫ ফুট উঁচু বিগ্রহ রাখা ছিল। এত সংখ্যক মানুষের ওজন সইতে পারেনি বাঁশের তৈরি অস্থায়ী মঞ্চটি। সবসুদ্ধ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে ঠিক কতজন এইমুহূর্তে ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন তাঁর সংখ্যাটি স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য শুরু করেছে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছে পুলিশ।
বাগপতের জেলাশাসক অস্মিতা লাল জানিয়েছেন, “গত ৩০ বছর ধরে এই ধর্মীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন ২০ জন পুণ্যার্থী।” এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা প্রশাসনের অধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তবে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, হতাহতের সংখ্যা অনেক বেশি। মঞ্চের নীচে এখনো চাপা পড়ে রয়েছেন ৫০ জনেরও বেশি ভক্ত। আহতের সংখ্যা ৮০।
প্রসঙ্গত, প্রতিবছর এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জৈন সম্প্রদায়ের মানুষেরা আসেন এখানে। এবারেও ছিল একই চিত্র, কিন্তু এই দুর্ঘটনার ফলে মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। পুণ্যার্থী রাকেশ জৈন জানিয়েছেন, আদিনাথের নির্বাণপ্রাপ্তি উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন যেই সন্ন্যাসীরা লাড্ডু নিবেদন করতে যান, অমনি মঞ্চ ভেঙে পড়ে। সে সময়ে ওই মাচার উপরে প্রায় শতাধিক মানুষ ছিলেন।’ সারাদেশে মন্দিরে ভক্তদের ভিড়ের চাপে দুর্ঘটনা ঘটেছে বাড়বার। সাম্প্রতিককালে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের পদপিষ্ট হয়ে মারা গেছিলেন ৬ জন।
❤ Support Us






