- দে । শ
- আগস্ট ২০, ২০২৬
চলন্ত ট্রেন থেকে উধাও ৬ মাসের শিশুকন্যা, পরে রেললাইনের মাঝে উদ্ধার! যাত্রী নিরাপত্তা ঘিরে উঠছে প্রশ্ন
দুটো রেললাইনের মাঝে শুয়ে খেলা করছিল মাস ছয়েকের শিশুকন্যা। ব্যান্ডেল—কাটোয়া রেলপথের পূর্বস্থলীর লক্ষ্মীপুর স্টেশনের কাছে। এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে তাদের বাড়িতে নিয়ে যাযন। পরে পূর্বস্থলী থানার পুলিশের হেফাজতে তুলে দেয় বাচ্চাটিকে। পরে জানা যায়, ওই শিশুকন্যা আসামের ডিমাপুরের এক দম্পতির। তিনসুকিয়া থেকে ওই দম্পতি রাহুল কুমার ও কুমকুম কুমার শিশুকন্যা-সহ ডাউন কামরূপ এক্সপ্রেসে চেপে কলকাতায় আসছিলেন। ট্রেনের বি১ এসি রিজার্ভেশন কামরার ওই যাত্রী-দম্পতির দাবি, ভোর চারটের সময় ঘুম ভেঙে যায়। তারপর দেখেন, তাদের ৬ মাসের কন্যাসন্তান উধাও। এরপরই তারা ১৩৯ নম্বরে ফোন করে রেল পুলিশকে খবর দেন। পাশাপাশি ধাত্রীগ্রাম স্টেশনেও খবর দেন।
এদিকে পূর্বস্থলী থানার পুলিশ শিশুটিকে সুস্থ অবস্থায় এলাকার বাসিন্দাদের কাছ থেকে পাওয়ার পরই কাটোয়া, কালনা, নবদ্বীপ ও হাওড়ার রেলের জিআরপি থানাগুলির সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। পুলিশদের তৎপরতায় কাজ হয়। ওই শিশুর মা বাবার সঙ্গে যোগাযোগ করে তাদের পূর্বস্থলী থানায় নিয়ে আসা হয়। সেখানেই তারা নিজেদের বাচ্চাকে সনাক্ত করেন। তবে এই ঘটনায় নানান প্রশ্ন উঠছে। বাচ্চাটিকে কেউ চুরি করে সেখানে ফেলল, নাকি ট্রেন থেকে পড়ে গেল? চুরির সম্ভাবনার ক্ষেত্রে প্রশ্ন উঠছে, চুরি করলে ফেলে যাবে কেন? আবার ট্রেন থেকে পড়ে যাওয়ার সম্ভাবনার ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কামরার মধ্যে মা-বাবার কাছে থাকা মাত্র ৬ মাসের শিশু ট্রেনের বাইরে পড়ে যাবে কীভাবে? আবার পড়ে গেলেও সুস্থ-সবলভাবে বেঁচে থাকল কী করে? এইসব প্রশ্নের জবাব পেতে শিশুর মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পূর্বস্থলী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও।
❤ Support Us





