Advertisement
  • ক | বি | তা
  • ডিসেম্বর ১১, ২০২২

গুচ্ছ কবিতা

অভীক মজুমদার
গুচ্ছ কবিতা

চিত্র: দেবদাস চক্রবর্তী

ছিন্নপত্র

কোথায় উদ্যত ছিলে? জলপ্রপাতের শব্দ
তোমাকে দেখলেই। উঠোনে সামান্য ঝড়,
একটু গান।দেহগন্ধ।স্বপ্নলব্ধ
আলিঙ্গনে মহাবিশ্বে বিস্ফোরণ।আজ
উনুনের অনন্ত রহস্যখানি বুঝতে হবে।অজর-অক্ষর।

 

হঠাৎ বাতাস ঢুকলো।আলতাপরা পা- দুটিকে
দেখে চোখে জল এসে গেল। বক্ষতলে কিসের আওয়াজ?
আয়ু ভেঙ্গে ভেঙে পড়ছে ।আপাতত এটুকুই
লিখে রেখে যেতে চাই। এটুকুই লিখে…

দায়

সৌরজগৎ। আদি অন্তিম কে জানে কোথায়
বিপরীত হলো
প্রাণ
মুহুর্ত
চুম্বন। গান।

নগ্ন দুচোখে চোখ রেখে ভাবি
হাওয়া তোর দায়
আলো তোর দায়

মাটি

‘বাবা’ বলে চেঁচিয়ে ডাকি না।
অনেক বছর।
এরকম মেনেই নিয়েছি। নিতে হয়।

অনশ্বর ভেবেছিলে ?

একা মুছে যাওয়া। স্তেশনের ভেজা-ভেজা হাওয়া।
নিঠুর নির্দয়।

বার্তা

সবই চিঠি। সবই লেখা থাকে
অরণ্যে,
গাঁয়ের ঘরে
কাঁদতে কাঁদতে জ্যোৎস্নাকে, ছায়াকে…

মেঘে লিপ্ত
দিনে বারংবার
তোমাকে আদর করি।
পিঠে মুখ ঘষি। জ্বলে অতিরিক্ত গান,
খোলে
জানালা কপাট রুদ্ধদ্বার

অক্ষরে নীলিমা ভরি–
সবই চিঠি।
পঞ্চভূতে লীন।
তুমি দূরে। উজ্জ্বল রঙিন।

কারিগরি

কুয়াশায় ছুঁয়েছিলে ।

তখন বুঝিনি
আয়ু দপ্ করে
জ্বলেও ওঠেনি । বায়ু
দপ্ করে
নেভায় নি জোনাকি

দেশান্তরী
মানুষের ফেলে যাওয়া
সুরে
অন্ধকারে তিলে তিলে
সোহাগ সিঁদুরে
দৃশ্য গড়া বাকি..


❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!