- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৩, ২০২৩
আগামী বছরের শুরুতেই বাংলায় আসছেন কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েড
এর আগে গুন্ডাপ্পা বিশ্বনাথ, সন্দীপ পাতিল, রবি শাস্ত্রী, মহম্মদ আজহারউদ্দিন, নরেন্দ্র হিরওয়ানির মতো কিংবদন্তীরা পা রেখেছেন বর্ধমানের পূর্ব সাতগাছিয়ায়। এবার আসতে চলেছেন আরও এক কিংবদন্তী ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের দু’বারের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ক্লাইভ লয়েড। আগামী ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিনে তিনি পূর্ব সাতগাছিয়ায় আসবেন। সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর পূর্তি হচ্ছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একবছর ধরে নানারকম কর্মসূচী নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যার শুভসূচনা হবে এবছর ৩১ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরে বিভিন্ন গুনীজন ও স্কুলের সত্তরোর্ধ্ব প্রাক্তন ছাত্র–ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছেন সংহতি ক্লাব। ১২ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল। ফাইনালে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন ক্লাইভ লয়েড। বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন।

শনিবার বিকেলে এই বিষয়ে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সংহতি ক্লাবের সভাপতি ও সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর উদযাপন কমিটির চিফ–পেট্রন সুরজিৎ বক্সি বলেন, ‘আমাদের গ্রামে অতীতে গুন্ডাপ্পা বিশ্বনাথ, রবি শাস্ত্রী, মহম্মদ আজহারউদ্দিন, সন্দীপ পাটিলদের মতো তারকারা এসেছেন। তবে এবার ক্লাইভ লয়েডের মতো একজন কিংবদন্তীকে পেয়ে আমরা আপ্লুত। উনি যে আমাদের স্কুলের অনুষ্ঠানে আসছেন, ভাবতেই পারছি না। আমাদের গ্রামের কাছে গর্বের দিন। লয়েডের মতো এমন একজন ব্যক্তিত্ব গ্রামে আসছেন, এটা সাতগাছিয়ার গৌরব আরও বাড়িয়ে দিল।’
৮০ বছর ছুঁই ছুঁই ক্যারিবিয়ান কিংবদন্তীকে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে বাংলার গ্রামে নিয়ে আসার অসাধ্য সাধন করেছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত। তিনি বলেন, ‘‘আমি যখন ফোনে লয়েডের সঙ্গে কথা বলেছিলাম, ভাবতেই পারিনি উনি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। কলকাতায় তিনদিন থাকছেন তিনি। যদি চান, ইডেনেও যেতে পারেন।’
❤ Support Us








