- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৭, ২০২৪
দ্বিতীয় রাউন্ডে দারুণ প্রত্যাবর্তন, লিরেনকে আটকে দিলেন গুকেশ
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম রাউন্ডে হারতে হয়েছিল ডি গুকেশকে। দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন। মঙ্গলবার ড্র করলেন গতবারের চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনের সঙ্গে। এদিন সাদা ঘুঁটি নিয়েও সুবিধা করতে পারেননি চিনের এই গ্র্যান্ডমাস্টার।
প্রথম রাউন্ডে দারুণ শুরু করেও ফরাসি ডিফেন্সে একটা ছোট ভুল করে হারতে হয়েছিল গুকেশকে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য কোন ভুল করেননি এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বরং কালো ঘুঁটি নিয়েও যথেষ্ট চাপের মধ্যে ফেলে দিয়েছিলেন ডিং লিরেনকে। লিরেন সাদা ঘুঁটি নিয়েও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি। ২৩ চালের পর দুই গ্র্যান্ডমাস্টারই পয়েন্ট ভাগাভাগিতে সম্মত হন। কালো ঘুঁটি নিয়ে ড্র করে নিজের সেকেন্ড গ্র্যান্ডমাস্টার গ্রজেগর্জ গাজেউস্কিকে কৃতিত্ব দিয়েছেন ডি গুকেশ।
দ্বিতীয় রাউন্ডে নিজের পারফরমেন্সে খুশি গুকেশ। দ্বিতীয় দিনের খেলার শেষে এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে কালো ঘুঁটি নিয়ে ড্র করাটা সবসময়ই ভাল। আজ আমার ভাল দিন ছিল। আশা করছি আমার সামনে আরও অনেক ভাল দিন আসবে।’ সেকেন্ড গাজেউস্কির প্রশংসা করে গুকেশ আরও বলেন, ‘গাজেউস্কি আমাকে শুধু দাবা খেলাতেই সাহায্য করছে না, বরং আমাকে মানসিকভাবে প্রস্তুত হতে এবং আমার সুস্থতা বজায় রাখতেও সাহায্য করছে। এমন কিছু স্ট্র্যাটেজির কথা বলেছেন যা আমাকে দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করেছে।’
বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার চাপের কথাও স্বীকার করেছেন ডি গুকেশ। পাশাপাশি বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার বিশেষাধিকার এবং দায়িত্বের কথাও স্বীকার করেছেন। গুকেশ বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার জন্য স্পষ্টতই অনেক চাপ আছে। কিন্তু আমি এটাকে একটা বিশেষত্ব হিসেবেও দেখি। আমি এতগুলো মানুষ এবং আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। আমি মনে করি ওপেনিংয়ে হারার পর দ্বিতীয় রাউন্ডে ভাল প্রতিক্রিয়া দেখিয়েছি। এদিন লিরেনকে কোনও সুযোগ দিইনি।’
❤ Support Us








