- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৮, ২০২৫
অসংখ্য সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে আটকে গেল মোহনবাগান
ডার্বি জয়ের পরের ম্যাচ বরাবরই কঠিন হয়। এবারও তার ব্যতিক্রম হল না। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের পরের ম্যাচেই আটকে যেতে হল মোহনবাগানকে। শুক্রবার জামশেদপুর এফসি-র সঙ্গে ড্র করল হোসে মোলিনার দল। ম্যাচের ফল ১-১। খালিদ জামিলের স্ট্র্যাটেজি ও লিস্টন কোলাসোর গোল মুখে ব্যর্থতায় জয় এল না মোহনবাগানের।
অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন বাগান কোচ হোসে মোলিনা। ডার্বির মতো এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা হয়নি গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসের। আক্রমণভাগে জেমস কামিংস ও জেমি ম্যাকলারেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। বেশ কয়েকটা সুযোগও তৈরি করেন লিস্টন, কামিংসরা। কিন্তু কাজে লাগাতে পারেননি। শুরুতেই লিস্টনের ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
অবশেষে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। কর্নার থেকে ভেসে আসা বল হেডে নামিয়ে দেন টম আলড্রেড। দুরন্ত ব্যাক হিলে গোল করেন বাগান অধিনায়ক শুভাশিস বোস। গোলের পর আরও উদ্দীপ্ত হয়ে ওঠে মোহনবাগান। একের পর এক সুযোগ তৈরি করে। লিস্টন, ম্যাকলারেনরা কাজে লাগতে পারলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যেতে পারত মোহনবাগান। কামিংসের সাজিয়ে দেওয়া বল গোলকিপারকে কাটিয়েও জালে রাখতে পারেননি লিস্টন। আলড্রেডের পাস থেকে আরও একতা সহজ সুযোগ নষ্ট করেন তিনি। কামিংসের সাজিয়ে দেওয়া বল গোলে ঠেলতে পারেননি ম্যাকলারেনও।
সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর এফসি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। অবশেষে ম্যাচের ৬০ মিনিটে সমতা ফেরানোর কাঙ্খিত গোল পেয়ে যায়। নিজেদের রক্ষণভাগের সামনে থেকে বল ধরে প্রায় ৬০ গজ দৌড়ে তিনজনকে কাটিয়ে গোল করেন এজে। জয়ের লক্ষ্যে এরপর কামিংস ও ম্যাকলারেনকে তুলে স্টুয়ার্ট ও দিমিত্রিকে নামান বাগান কোচ। কয়েকটা সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি। ১-১ গোলেই ম্যাচ শেষ হয়। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল মোহনবাগান। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল জামশেদপুর এফসি।
❤ Support Us








