Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২২, ২০২৫

আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে । সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের মামলার শুনানি ২৭ জানুয়ারি

রাজ্যের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, নির্যাতিতার পরিবারকে না জানিয়েই তাঁর কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মামলা নথিভুক্ত করিয়েছেন। অন্যদিকে সিবিআই এর আইনজীবীও জানিয়েছেন, তাঁরাও হাইকোর্টে আলাদা করে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মামলা দায়ের করবে

আরম্ভ ওয়েব ডেস্ক
আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে । সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের মামলার শুনানি ২৭ জানুয়ারি

সোমবার আরজিকর হাসপাতালের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ নিম্ন আদালত। প্রধান বিচারপতি অনির্বাণ দাসের রায় শোনবার পরে অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার। না-খুশ রাজ্যের মুখ্যমন্ত্রীও। সুপ্রিমকোর্টে নিম্ন আদালতের শুনানির পর মামলা ওঠবার কথা ছিল। কিন্তু সে তারিখ ফের পিছিয়ে গেল।

বুধবার দুপুরে সুপ্রিমকোর্টে আর জি কর মামলার শুনানি হবার কথা  ছিল।  আবার  পিছিয়ে গেল সে মামলা।  প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে জানিয়েছেন আগামী ২৯ জানুয়ারি মামলা শুনবেন তাঁরা। ইতিমধ্যে সোমবার আর জি কর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ নিন্ম আদালত। প্রধান বিচারপতি অনির্বাণ দাসের এই রায় ঘোষনার পর থেকেই নানা মহলে অসন্তোষের খবর উঠে এসেছে। ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা নয় উল্লেখ করে ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার স্রোত। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদী সংগঠনগুলি সঠিক তদন্ত ও দোষীদের বিচার চেয়ে,  বৃহত্তর আন্দোলনের দিকে যাবার ঘোষণা করেছে।

সিবিআইয়ের তদন্তের সঙ্গে একমত হননি নির্যাতিতার পরিবারও। তাঁরা  বরাবর দাবি করে আসছেন এই নারকীয় ঘটনায় শুধু একা সঞ্জয় নয়, আরো অনেক ব্যক্তি যুক্ত। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনো  চার্জশিট দিতে পারেনি সিবিআই।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিৎসককে যৌন নির্বাতন করে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সিবিআই তদন্তভার হাতে পেয়ে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি সহ একাধিক ব্যক্তি নিজেদের হেফাজতে নেয়।  তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, খুনের প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ থাকলেও কোর্টে চার্জশিট পেশ করতে পারে নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ডিসেম্বরের শুরুতে আর জি কর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলার শেষ শুনানি হয়েছিল। সে সময় আদালতের তরফে জানানো হয়েছিল জুনে ফের এই মামলার শুনানি হবে।  তবে এর মধ্যে কোনও পক্ষ যদি নতুন করে কোনও অভিযোগ জানাতে চায়, বা মামলা সংক্রান্ত নতুন কোনও তথ্য পেশ করতে চায় তাহলে সেই সুযোগ দেওয়া হবে। শিয়ালদহ কোর্টের রায় আসবার আগেই তদন্ত সঠিকভাবে হয়নি এই অভিযোগ  নিয়ে দেশের শীর্ষ আদালতের দারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। বুধবার মামলার তারিখ দিলেও, ফের তা পিছিয়ে গিয়েছে। জানা যাচ্ছে, নির্যাতিতার বাবা-মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী বুধবার।

অন্যদিকে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দোষীর ফাঁসির দাবিতে হাইকোর্টে মামলা করছে রাজ্য সরকার।  রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার কলকাতা হাই কোর্টে মামলা উঠলে রাজ্যের এই আবেদনের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে আইনজীবীরা। সিবিআই-এর ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, নির্যাতিতার পরিবার, সিবিআই বা দোষী নিজে যদি উচ্চ আদালতে না যায়, তাহলে কোন ভিত্তিতিতে রাজ্য সরকার এই আবেদন করছে ? বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আগামী সোমবার সেই মামলার  শুনানি হবে। বিচারপতি নির্দেশ দিয়েছেন সেদিন  সিবিআই, সঞ্জয় রায়, নির্যাতিতার পরিবার সব পক্ষকে আদালতে হাজির থাকতে হবে।অন্যদিকে রাজ্যের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, নির্যাতিতার পরিবারকে না জানিয়েই তাঁর কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মামলা নথিভুক্ত করিয়েছেন। অন্যদিকে সিবিআই এর আইনজীবীও জানিয়েছেন, তাঁরাও হাইকোর্টে আলাদা করে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মামলা দায়ের করবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!