Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৫

মহাকুম্ভের দুর্ঘটনার পর একাধিক নিষেধাজ্ঞা জারি যোগী সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাকুম্ভের দুর্ঘটনার পর একাধিক নিষেধাজ্ঞা জারি যোগী সরকারের

বুধবার মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর, অনভিপ্রেত ঘটনা এড়াতে বাতিল ভিভিআইপি পাস বাতিল করেছে যোগী সরকার। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চার চাকার গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মহাকুম্ভে মৌনী অমাব্যসায় পুণ্যস্নানকে কেন্দ্র করে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠেছে প্রয়াগনগরী। পদপিষ্ট হয়ে মারা গেছেন ৩০ জন, আহতের সংখ্যা শতাধিক। সঙ্গমের বাতাসে মৃত্যু আর স্বজন হারাদের হারাকার। প্রাথমিকভাবে ঘটনা নিয়ে উচ্চবাচ্য করেন নি যোগী আদিত্যনাথ। তিনি বলেছিলেন শান্তিপূর্ণ ভাবে পুণ্যস্নান চলছে, কোনো গুজবে কান না দেবার আহ্বান জানিয়েছেন। ঘটনার খবরাখবর চেয়ে ইউপির মুখ্যমন্ত্রীকে একাধিকবার ফোন করেন প্রধানমন্ত্রী মোদি। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সরকারের তরফে আহতদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত দায়িত্ব নেওয়া হয়েছে। বিরোধিদের তরফে মেলার ব্যবস্থাপনা ও পুণার্থীদের নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি।

অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। মহাকুম্ভ মেলা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ভিভিআইপি পাস বাতিলের পাশাপাশি ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চার চাকার গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ‘ওয়ান ওয়ে ট্রাফিক’ ব্যবস্থা চালু হয়েছে কুম্ভমেলা চত্বরে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। যানজট এড়াতে পড়শি জেলা থেকে প্রয়াগরাজে গাড়ির প্রবেশও নিষিদ্ধ। রাজ্যের তরফে সচিব পর্যায়ের পাঁচ উচ্চপদস্থ অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বড় অনুষ্ঠান এবং ভিড় সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁদের। অবশিষ্ট মহাকুম্ভের কাজ পরিচালনা করবেন তাঁরা। । মেলা প্রাঙ্গণে কোনও অবস্থাতেই ভিড়ের চাপ বাড়তে দেওয়া যাবে না। সেজন্য প্রশাসনিক আধিকারিক আশিস গোয়েল এবং ভানু গোস্বামীকে দ্রুত প্রয়াগরাজ পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালে তাঁরাই অর্ধকুম্ভের দায়িত্ব সামলেছিলেন। মেলার রাস্তায় হকাররা বসে থাকলে তাঁদের ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। অপ্রয়োজনে পুণ্যার্থীদের কোনোভাবে আটকানো যাবে না।
খবর অনুযায়ী, বুধবার গভীর রাতে রাজ্যের অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজ, কৌসাম্বি, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর, বস্তি, জৌনপুর, চিত্রকূট, বান্দা, আম্বেদকর নগর, প্রতাপগড়, সন্ত কবীর নগর, রায়বরেলি, গোরক্ষপুরের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরেই নয়া নির্দেশ সামনে আসে। কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীদের মৃত্যুর খবর এদিন সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা শতাধীক, রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন যোগী। বেসরকারি মতে, হতাহতের সংখ্যা অনেক বেশি। কী কারণে এমন বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, মহাকুম্ভের বিপর্যয় নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ঘটনার পর কী পদক্ষেপ নিয়েছে যোগী সরকার? রিপোর্ট তলব করুক সর্বোচ্চ আদালত, আর্জি মামলাকারীর। সমস্ত রাজ্যকে কুম্ভ মেলায় সহায়তা কেন্দ্র খুলতে বলা হোক, সুপ্রিম কোর্টে এই আবেদনও জানিয়েছেন তিনি।

গোটা ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশ কংগ্রেসের আহ্বায়ক ও মুখপাত্র অংশু আওয়াস্তি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের অব্যবস্থার জন্য এরকম ঘটনা ঘটেছে। মানুষের জীবনের উপরে গুরুত্ব না দিয়ে মহাকুম্ভ মেলায় বিজেপি সরকার ফোটোসেশন করতে ব্যস্ত ছিল। যে মন্ত্রীদের উপরে সুষ্ঠুভাবে মেলা আয়োজনের দায়িত্ব ছিল, তাঁরা নিমন্ত্রণের ‘নাটকে’ ব্যস্ত ছিলেন। পুণ্যস্নানের সময় ভিআইপি সংস্কৃতিতেও ইতি টানার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেটা করা হয়নি বলে দাবি করেন উত্তরপ্রদেশ কংগ্রেসের আহ্বায়ক। যোগীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা।

কুম্ভমেলার দুর্ঘটনায় নিজের X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন। পুণ্যার্থীদের সুরক্ষার জন্য প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘গঙ্গাসাগরের আয়োজন করে আমি শিখেছি, ভিড় করে পুণ্য অর্জন করতে আসা মানুষদের জীবন যেখানে জড়িয়ে আছে, সেখানে পরিকল্পনা আর ব্যবস্থাপনাই শেষ কথা।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!