Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৫

বাজেট অধিবেশনের আগে, দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজেট অধিবেশনের আগে, দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠক

আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদেবাজেট পেশ করবেন। তার আগে ৩০ জানুয়ারী অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা চাইতে সর্বদলীয় বৈঠক করছেন কেন্দ্র সরকারের মন্ত্রীরা।

আগামী কাল, ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে যৌথ অধিবেশন শুরু হবে। ১ ফেব্রুয়ারি লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট ও দেশের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। তার আগে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জে পি নাড্ডা, অর্জুন রাম মেঘওয়াল ও এল মুরুগান সহ হেভিওয়েট নেতারা। বিরোধী দলনেতা জয়রাম রমেশ, কে সুরেশ, গৌরব গৈগৈ বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন। বৈঠকে তৃণমূলের পক্ষে লোকসভা এবং রাজ্যসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন যোগ দেবেন। বাংলার বকেয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত ইস্যুগুলি সংসদে আলোচনা করবার দাবিতে তাঁরা সরব হতে পারেন বলে মনে করা হচ্ছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘মূল্যবৃদ্ধি, বেকারত্ব মতো সাধারণ মানুষের ইস্যু সরকার এড়িয়ে যাচ্ছে। শীতকালীন অধিবেশনে বিরোধীদের বলতে দেওয়া হয় নি। বাজেট অধিবেশনে না বলতে দিলে ফের প্রতিবাদ হবে।’ বিরোধী দলগুলি থেকে আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন, বিজেডি সাংসদ সস্মিত পাত্র, ডিএমকে সাংসদ টিআর বালু, এসপি সাংসদ রাম গোপাল যাদব, জেএমএম সাংসদ মহুয়া মাজি এবং আরো কয়েকজন সংসদ সদস্য বৈঠকে উপস্থিত রয়েছেন।

আগে মন্ত্রী কিরেণ রিজিজু সংবাদমাধ্যমকে বৈঠকের কথা জানিয়েছিলেন। তিনি বিরোধী নেতাদের কাছ থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন। তাঁদের গঠনমূলক আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাজেট সম্পর্কে আশাবাদী রিজিজু বলেছেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ১ ফেব্রুয়ারিতে ভারসাম্যপূর্ণ এবং উন্নয়নমুখী বাজেট পেশ করতে চলেছেন। দেশের বিকাশের জন্য, তাতে সবার সহযোগিতা চাই।’
তিনি সংসদের গত শীতকালীন অধিবেশনের কথাও উল্লেখ করেছেন। ‘গত দুই অধিবেশনে সংসদে কিছু ‘হাঙ্গামা’ হয়েছিল যাতে গোটা বিশ্বে ভারতীয় সংসদের খারাপ ভাবমূর্তি তৈরি করেছিল। অধিবেশন চলাকালীন সংসদে অংশ নিতে এবং আলোচনা করার জন্য আমি বিরোধী দলের নেতাদের এবং অন্যান্য সংসদ সদস্যদের কাছে আবেদন করতে চাই। যদি বিরোধী দল সংসদ চালাতে দেয়, তাহলে সব গঠনমূলক আলোচনা সহজেই হতে পারে।’
আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন বলেছেন, কেন্দ্রীয় বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক খুব স্বাভাবিক সংবিধানিক প্রক্রিয়া। আগামীকাল অধিবেশন শুরু হচ্ছে, বিরোধী দলগুলি চায় সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হোক। তবে সে জন্য কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সহযোগিতা করতে হবে। তাই এ বৈঠকে আমরা অর্থনৈতিক মন্দা, মূল্যবৃদ্ধি, বেকারত্বর মতো বেশ কিছু বিষয় বিষয় উত্থাপন করার পরিকল্পনা করছি।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়বে বিতর্কিত ‘ওয়াকফ্ বিল’ (সংশোধন) সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির রিপোর্ট। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ ১০ মার্চ-৪ এপ্রিলের মধ্যে পাশ করাতে পারে মোদি সরকার। ৬৫৫ পাতার যে রিপোর্টে প্রবল আপত্তি তুলেছে তৃণমূল, আসাদউদ্দিন ওয়েসির পার্টি অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) সমাজবাদী পার্টি। তৃনমূলের তরফে দেওয়া হয়েছে ‘ডিসেন্ট নোট।’ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত বিল নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন, তাঁর অভিযোগ, ‘সরকার পক্ষ গায়ের জোরে একপেশে সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট তৈরি করেছে। তাই এই রিপোর্ট আমরা মানি না।’ , গতবছর ৮ আগষ্ট লোকসভায় ওয়াকফ্ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী কিরেণ রিজিজু। তখন তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্র সরকারকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!