- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩০, ২০২৫
মহাকুম্ভে মহাবিপর্যয় — পদপিষ্টের বিভীষিকা কাটতে না কাটতেই বিধ্বংসী আগুন। পুড়ে খাক ১৫টি তাঁবু।
আবার বিপদ কুম্ভমেলায়। মৌনী অমাবস্যার দিন স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। জখম হয়েছেন ৯০ জন। সেই ক্ষত এখনো দগদগে! তার মধ্যেই ফের বিপত্তি। মেলাপ্রাঙ্গণে ফের আগুন লেগে পুড়ে খাক ১৫ টি তাঁবু । এর আগে ১৯ জানুয়ারি মহাকুম্ভ মেলায় বড়সড় অগ্নিকাণ্ড ঘটেছিল। ঘটনাস্থলে দ্রুত পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। হতাহতের কোনো খবর মেলেনি।
এবারের মহাকুম্ভ মেলায় বিপর্যয় যেন পিছু ছাড়ছে না। একের পর এক দুর্ঘটনায় আতঙ্কিত পূর্ণার্থীরা। বুধবার ভোরে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে। প্রয়াগরাজের বাতাসে মৃত্যুর গন্ধ, স্বজনহারা মানুষের আর্তনাদ। এরই মধ্যে আবারো আগুন লাগল কুম্ভমেলায়। সেক্টর ২২-এ পুড়ে ছাই ১৫ টি তাঁবু। ঘটনাস্থলে দ্রুত পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। হতাহতের কোনো খবর মেলেনি। যদিও, ঠিক কী কারণে আগুন লাগল, সেটা এখনই আনুষ্ঠানিকভাবে দমকলের পক্ষ থেকে জানানো হয়নি। তদন্তের কাজ শেষ হলে এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা সম্ভব হবে।
চিফ ফায়ার অফিসার প্রমোদ কুমার শর্মা জানিয়েছেন, তাঁদের কাছে এদিন দুপুরে খবর আসে, ২২ নম্বর সেক্টরে আগুন লেগেছে। দমকলের কর্মী ও আধিকারিকরাা ঘটনাস্থলে এসে দেখেন, প্রায় ১২ থেকে ১৫টি তাঁবুতে আগুন লেগেছে। সেগুলি দাউ দাউ করে জ্বলছে । তবে জানা গিয়েছে ওই শিবিরগুলির জন্য প্রশাসন অনুমোদিত হয়নি।’ তিনি আরো বলেছেন, ঠিক কীভাবে বা কী কারণে আগুন লাগল, তা এখনই বলা সম্ভব নয়। তবে, শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তিনি অভিযোগ করেছেন, যেখানে এই তাঁবুগুলি খাঁটানো হয়েছিল, সেখানে কোনও অ্যাক্সেস রোড নেই। ফলে দমকলের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হইয়েছে ফায়ার ব্রিগেডের কর্মীদের।
স্থানীয় প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে, ছতনাগ ঘাট, নাগেশ্বর ঘাটের ২২ নম্বর সেক্টরের কাছে এই আগুন লাগে। যেটি মহাকুম্ভের মেলাস্থলের ঠিক ভিতরে নয়। বরং, যেখানে এই আগুন লেগেছে, তাকে মূল মেলার বাইরের অংশ বা মেলার প্রান্তর বলা যেতে পারে। পুলিশ আধিকারিকদের দাবি, বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই তাঁবুগুলি এখানে খাঁটানো হয়েছিল, সেখানেই এই আগুন লাগে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি গোরক্ষপুরের গীতা প্রেসের শিবিরে আগুন লেগেছিল। ঘটনাটি ঘটেছিল ১৯ নম্বর সেক্টরে।
অন্যদিকে, উত্তর প্রদেশ সরকার মহাকুম্ভে পদপৃষ্ট এবং মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছে। ডিজি বৈভব কুমার সরকারিভাবে জানিয়ে দিলেন, ‘গতকাল রাতে কুম্ভস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। জখম হয়েছেন ৯০ জন। মৃত ৩০ জনের মধ্যে ২৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি’ পদপিষ্টের ঘটনায় বিপুল হতাহতের আশঙ্কাও করা হচ্ছিল। অবশেষে নিদির্ষ্ট তথ্য জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যদিও রয়টার্স সূত্রে খবর, দুর্ঘটনায় ৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
❤ Support Us








