- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
কেআইএইটিতে মৃত ছাত্রীর বিচার চেয়ে নেপাল সরকারের দারস্থ পড়ুয়ার বাবা
কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা নেপালি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। নেপাল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুতে কার্যত উত্তাল কেআইআইটি ক্যাম্পাস।
ওড়িশার ভুবনেশ্বরে কেআইআইটিতে নেপাল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুতে কার্যত উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্রীর মৃত্যুর ঘটনার রেশ পৌঁছে গেছে কূটনৈতিক স্তরে। গতকাল নেপালের প্রধানমন্ত্রী এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন, দিল্লির নেপাল দূতাবাস থেকে দুজন কর্মকর্তা এই ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও নেপালি ছাত্রদের হোস্টেল আর দেশে ফেরানোর উভয় ক্ষেত্রে সহযোগিতার জন্য পৌঁছে গিয়েছেন।
নিহত ছাত্রীর শোকস্তব্ধ বাবা দাবি করেছেন, ‘ও নিগৃহিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।’ তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি। মেয়ের জন্য ন্যায়বিচার চেয়ে নেপাল সরকারের কাছে আবেদন করেছেন তিনি। ছাত্রীর বাবা সুনীল লামসাল বলেন, ‘আমরা কেবল জানি যে ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট শীঘ্রই আসবে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে তাকে হয়রানি করা হয়েছিল। মানসিকভাবে ব্ল্যাকমেল করা হয়েছিল যে কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।’ তিনি আরো বইলেছেন, ‘গতকাল, আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিছু উত্তর দেয় নি। আমরা চাই দোষীর শাস্তি হোক। পুলিশ গতকাল একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের ফোন, ল্যাপটপ এবং ডায়েরি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। কিন্তু নেপালের ছাত্রদের কেন দেশে ফেরত পাঠানো হচ্ছে? ওরা সুবিচার চেয়ে আন্দোলন করছে তাই? পুলিশ এবং কলেজ প্রশাসনকে আমাদের কাছে থাকা প্রমাণ দিয়ে সবরকম সহযোগিতা করতে চাই আমরা।’
ইতিমধ্যে, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বা কেআইআইটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা নেপালি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসে চালু হয়েছে ২৪/৭ সহায়তা কক্ষ। X-হ্যান্ডেলে একটি পোস্টে, কেআইআইটির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘ক্যাম্পাসে ছাত্রদের সহায়তার জন্য ২৪/৭ সহায়তা কক্ষ চালু করা হয়েছে। যাতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা নেপালি শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। উপরন্তু, হেল্পলাইন নাম্বার +৯১ ৭৮৪৭০৬৪৫৫০ ও +৯১ ৭৮৫৫০২৯৩২২ চালু করা হয়েছে। নেপাল সরকারকে শিক্ষার্থীদের বিষয়ে যে কোনো রকম সহায়তার জন্য আমরা প্রস্তুত। কেআইআইটি তার ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
অন্যদিকে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির ঘটনা নিয়ে নেপালে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে টেলিফোনে কথা বলেছেন। দেউবা বলেছেন, ‘ভারতের ওড়িশার কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নেপালি ছাত্রী প্রকৃতি লামসালের মৃত্যু এবং তারপরে নেপালি ছাত্রছাত্রীদের হোস্টেল থেকে বের করে দেবার ঘটনা জানবার পরে, আমরা এর গুরুত্ব বুঝে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি। এ ঘটনার বিষয়ে কূটনৈতিক কার্যক্রমও শুরু করেছি। আমি আজ সকালে নেপালের সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করেছি। ডঃ শঙ্কর শর্মালাই, ঘটনার গভিরতা বোঝার জন্য ও নেপালি ছাত্রদের সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করেছেন। নয়া দিল্লি দূতাবাসের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়েছিলেন।’ আরো যোগ করেছেন, ‘আজ বিকেলে আমি নেপালে ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সাথে ফোনে কথা বলেছি। তিনি নেপালি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কোন শিক্ষার্থী দেসে ফেরত আসতে চাইছে উভয় দেশ সে বিষয়ে সাহা্য্য করবে।’
রবিবার সন্ধ্যায়, কেআইআইটি বিশ্ববিদ্যালয়, একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে, ৭০০ র বেশি নেপালি ছাত্রছাত্রীদের নিজেদের হোস্টেলে ফিরে যেতে এবং পড়াশোনা পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছিল ঘটনার পরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করলে, কোনো প্রস্তুতি ছাড়াই ছাত্রকে বাস ভর্তি করে কটক স্টেশনে নামিয়ে দিয়ে চলে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক পড়ুয়া অভিযোগ জানিয়ে বলেছেন, ‘আমাদের কোনো রেলটিকিট বা কিছু দেওয়া হয়নি। আমাদের স্রেফ হস্টেলের বাসে তুলে কটক স্টেশনে নামিয়ে দেওয়া হয়। আর তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলা হয়। স্টাফরা হস্টেলে ঢোকেন। আমাদের জিনিসপত্র খালি করতে বাধ্য করেন। এমনকী যাঁরা দ্রুত খালি করছিলেন না, তাঁদের মারধরও করা হয়।’ ২০ বছরের কম্পিউটার সায়েন্সের ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রীর পরিবারের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে, তাঁরই সহপাঠী আদ্বিক শ্রীবাস্তবকে গ্রেফতার করেছে পুলিশ।
❤ Support Us








