Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

উদ্বোধনে ফাইটার জেটের প্রদর্শনী দিয়ে সূচনা চ্যাম্পিয়ন্স ট্রফির। সতর্কতায় উড়ান বন্ধ করাচিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
উদ্বোধনে ফাইটার জেটের প্রদর্শনী দিয়ে সূচনা চ্যাম্পিয়ন্স ট্রফির। সতর্কতায় উড়ান বন্ধ করাচিতে

বহুদিনের প্রতীক্ষার অবসান পাকিস্তানবাসীর। দীর্ঘদিন পর আবার বড় মাপের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার আসর বসছে পাকিস্তানে। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। ঘরের মাঠে দীর্ঘদিন পর বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে রয়েছেন মহম্মদ রিজওয়ানরা।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসবাদী হামলার পর দীর্ঘদিন বিশ্বের সেরা দলগুলি পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে। ১০ বছর ধরে বাবর আজমদের হোম ম্যাচ খেলতে হয়েছে বিদেশের মাটিতে। কখনও সংযুক্ত আরব আমিরশাহী, কখনও আবার ইংল্যান্ডে। চলতি দশকের শুরুতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দলগুলি আবার পাকিস্তান সফরে যেতে শুরু করেছে। তবে বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা এই প্রথম। ঘরের মাঠে এইরকম বড় মাপের প্রতিযোগিতায় নামার জন্য মুখিয়ে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ানের মুখে আক্ষেপ। তিনি বলেছেন, “১০ বছর ধরে আমরা নিজেদের হোম ম্যাচ বাইরের দেশে খেলেছি। কোনও দল আমাদের দেশে খেলতে আসতে চাইত না। এই ১০ বছরে আমরা অনেক কষ্ট পেয়েছি। তবে পাকিস্তান ক্রিকেট করেছে। টেস্টে ১ নম্বর দল হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আশা করি এই টুর্নামেন্টেও ভাল ফল করব।’‌ তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল পারফরমেন্স করতে গেলে দক্ষতার শীর্ষে উঠতে হবে বলে মনে করছেন রিজওয়ান। পাশাপাশি, চাপের মুখে দলের ম্যাচ জেতার দক্ষতার অভাবের কথাও স্বীকার করে নিয়েছেন রিজওয়ান। তিনি বলেন, ‘চাপের মধ্যে ভেঙে পড়ার নজির আমাদের আছে। সম্প্রতি বেশ কয়েকটা ম্যাচে এরকম হয়েছে। এই দিকটায় নজর দিতে হবে।’

চাপ নিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচেই কিউইদের কাছে হারতে হয়েছিল রিজওয়ানদের। স্পিনাররাই পার্থক্য গড়ে দিয়েছিলেন। মিচেল স্যান্টনারদের সামলানো বড় চ্যালেঞ্জ বাবর আজমদের কাছে। তবে পাকিস্তানের কাছে সুখবর, ছোট সারিয়ে ফিরছেন জোরে বোলার হারিস রউফ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলার জন্য তৈরি।

এদিকে, করাচির জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে পাকিস্তান বিমান বাহিনী। ম্যাচ শুরুর আগে ফাইটার জেট নিয়ে বিশেষ প্রদর্শনী হবে। বাড়তি সতর্কতা হিসেবে করাচি বিমানবন্দরে দুপুরের পর থেকে বিমান ওঠানামা বন্ধ রাখা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!