- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৪, ২০২৫
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে রাজ্যের কর্মদক্ষতার প্রশংসা কেন্দ্রের
এবার কেন্দ্রীয় রিপোর্টে রাজ্যের পঞ্চায়েত দফতরের কাজের প্রশংসা । পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের নিরিখে দেশের বহু রাজ্যকেই পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ । কেন্দ্রের মূল্যায়ন রিপোর্ট বাংলা ‘হাই পারফর্মিং স্টেট’ ।
মনরেগা, আবাস সহ নানা প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছিল কেন্দ্র । গত লোকসভা নির্বাচনের আগে থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় সহ তৃণমূলের প্রথমসারির নেতারা । অন্যদিকে, সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্য বিজেপি আক্রমণে কোনঠাসা করেছিল শাসক তৃণমূল সরকারকে । কিন্তু এবার কেন্দ্রীয় রিপোর্টে রাজ্য প্রশাসনের দরাজ প্রশংসা ।
গ্রামাঞ্চলে মোট ছয়টি ক্ষেত্রের নিরিখে এই মূল্যায়ন রিপোর্ট তৈরি করা হয়েছে । পঞ্চায়েতের কাজকর্ম, বরাদ্দ খরচ, হিসেবের রক্ষনাবেক্ষন, গ্রামে ভোটের সময়ের আবহ, নারী এবং তফসিলি জাতি ও উপজাতির নিরিখে নির্বাচনে আসন সংরক্ষণের বিষয়ে সমীক্ষা করা হয়েছে । পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ করা হয়েছে তার তথ্য সংগ্রহ ও খোঁজখবর করা হয়েছে । নিজস্ব আয় বাড়াতে পঞ্চায়েতগুলির প্রচেষ্টাও খতিয়ে দেখা হয়েছে ।
কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক গ্রামোন্নয়নে ১০০ নম্বরের মধ্যে ৫৬.৫২ নম্বর দিয়েছে পশ্চিমবঙ্গকে । জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার নিরিখে রাজ্যের প্রাপ্ত নম্বর ৭০.৬ । পঞ্চায়েত ব্যবস্থায় নিযুক্ত শ্রমশক্তির মূল্যায়নে ৬৭.৭৬ নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ । সারা দেশের মধ্যে মোট পাঁচটি রাজ্য ‘হাই পারফর্মিং স্টেট’ এর তকমা পেয়েছে । কেন্দ্রের প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গের স্থান ৮ ।
❤ Support Us








