- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
রাশিয়ায় নতুন করে সেনা পাঠাচ্ছেন কিম, গোয়েন্দা রিপোর্টে দাবি দক্ষিণ কোরিয়ার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তে সৈন্যদল পাঠিয়েছিল কিম জং উন। এ বছর জানুয়ারিতে যুদ্ধক্ষেত্র থেকে উত্তর কোরিয়া সেনা প্রত্যাহার করছে বলে খবর প্রকাশিত হয়। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেছে যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাহার করা কোরিয়ান সৈন্যদের আবারও ফ্রন্টলাইনে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে প্রায় ৩ হাজার সৈন্য রাশিয়ায় পাঠানো হয়েছে বলে অভিযোগ।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে, রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তে প্রায় ১১০০০ সৈন্য পাঠিয়েছিল কিম জং উন। সরাসরি যুদ্ধে অংশগ্রহণও করেছিল। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও, উত্তর কোরিয়া রাশিয়ায় প্রত্যাহার করা কোরিয়ান সৈন্যদের আবারও ফ্রন্টলাইনে মোতায়েন করছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। শুধু তাই নয়, তাদের দাবি নতুন করে প্রায় ৩ হাজার সৈন্য রাশিয়ায় প্রেরণ করেছেন কিম। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধান গুপ্তচর সংস্থা বলেছে, তাঁরা এখনো নতুন করে পাঠানো সৈন্যসংখ্যা ও অস্ত্রের পরিমাণ সম্পর্কে সুনিশ্চিত না হলেও, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, তাঁরা অনুমান করছেন উত্তর কোরিয়া জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে ৩০০০ অতিরিক্ত সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে।
উত্তর কোরিয়া গত বছরের শেষের দিকে রাশিয়ায় আনুমানিক ১১০০০ সৈন্যের পাশাপাশি গোলাবারুদ, ক্ষেপনাস্ত্র, ভারি অস্ত্র সরবরাহ করেছে। কোরিয়ান সৈন্যদের কুরস্ক অঞ্চলে ইউক্রেনের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য মোতায়েন করা হয়েছিল। তাঁরা সেখানে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে লড়াই করেছিল। ইউক্রেন ও মার্কিন প্রশাসন জানিয়েছিল, ব্যপক ক্ষয়ক্ষতি ও হতাহতের পর উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সামনের সারি থেকে পিছিয়ে যায়। তাঁরা উত্তর কোরিয়ার অত্যন্ত সুশৃঙ্খল বিশেষ সেনাদলের সদস্য। তাঁরা সাধারণত পাহাড়ি অঞ্চলে গেরিলা লড়াইয়ে অভ্যস্ত, কিন্তু পূর্ব-ইউরোপের খোলা ও সমতল এলাকায় ড্রোন হামলায় তাঁদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কোরিয়ার কর্মকর্তাদের মতে, যুদ্ধে কয়েক হাজার কোরিয়ান সৈন্য নিহত ও আহত হয়েছে।
ফেব্রুয়ারির শুরুতে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে আবার ফিরে এসেছে। এবার দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা সে খবরে শিলমোহর দিল। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিরতির আবহে, এ মাসের প্রথম সপ্তাহ থেকে আবার রাশিয়া ও কোরিয়ার যৌথ গতিবিধি শুরু হয়েছে।
যখন শান্তি ফেরাতে আলোচনায় পুতিনের সঙ্গে আলোচনায় গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প, তখন রাশিয়ায় নতুন করে কিমের এই পদক্ষপে নানান প্রশ্ন উঠছে, তবে কি পুতিন চাইছেন না যুদ্ধ এখনই বন্ধ হোক ? না কি তিনি যুদ্ধবিরতি ঘোষণার আগেই আরও ইউক্রেনীয় ভূখণ্ডের দখল নিতে চান ? নাকি এটা শুধু সতর্কতার অংশ ? ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বিগত কয়েক দশকে প্রথম যুদ্ধ, যেখানে বিদেশি শক্তি সরাসরি অংশগ্রহণ করেছে। সামরিক বিশ্লেষকরা বলেছেন, বিপুল প্রাণহানী সত্ত্বেও আধুনিক যুদ্ধের পাঠ নিতে, কিম দেশের সৈন্যদের সেখানে পাঠাচ্ছেন। এছাড়াও উত্তর কোরিয়া তার সৈন্য ও গোলাবারুদের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে খাদ্য, তেল আর উন্নত অস্ত্র প্রযুক্তি নিচ্ছে।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন রাষ্ট্রসংঘের নির্দেশ না মেনে বিপুল পারমাণবিক অস্ত্রের নির্মাণ ও উন্নতি প্রকল্প শুরু করে। যার ফলে ২০১৯ সালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যায়। সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, আমেরিকার বিরুদ্ধে নতুন কূটনৈতিক জোটের অংশীদার তৈরি করবার জন্যই উত্তর কোরিয়ার রাশিয়ার প্রতি এই সদয়ভাব। ক্রিমলিনকে প্রয়োজনীয় অস্ত্র ও সৈন্য সরবরাহ করে পুতিনের সাথে বন্ধুত্বের সম্পর্ক আরও নিবিড় করতে চায় কিম। গত বছর জুনে উত্তর কোরিয়ার পিয়ংইয়াং-এ বৈঠক করেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন, তাঁদের মধ্যে প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ করবার প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে এ নিয়ে কিম প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি।
❤ Support Us








