- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৩, ২০২৫
‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে রাজ্যের শাসক-বিরোধী তরজা তুঙ্গে । ভাবনীপুরে ঘাসফুলের পরই পাল্টা অভিযান পদ্ম শিবিরের
‘ভূতুড়ে ভোটার’ ইস্যু ঘিরে উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। নেতাজী ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্যজুড়ে শুরু হয় তৃনমূল নেতাকর্মীদের তৎপরতা। ‘ভুয়ো ভোটার’ ধরতে শনিবার মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে আচমকা হানা দেন মেয়র ফিরহাদ হাকিম। এবার ভবানীপুর থেকেই পাল্টা কর্মসূচীর সূচনা করছে বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় দাবি করেছিলেন রাজ্যে ‘ভূতুড়ে ভোটার ‘ তৈরি করছে বিজেপি। মদত দিচ্ছে ইলেকশন কমিশন। এরপরই উত্তপ্ত হয় বাংলার রাজ্য রাজনীতি। বিজেপি ও ইলেকশন কমিশনের তরফে তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়। পাল্টা মমতা ব্যনার্জির বিরুদ্ধে বাংলাদেশি ও রোহিঙ্গা অবৈধ অভিবাসীদের ভোটার হিসাবে ব্যবহার করবার গুরুতর অভিযোগ তোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজী ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ‘ভুয়ো ভোটার’ ধরতে রাজ্যজুড়ে শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের তৎপরতা। রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সে কমিটি কলকাতা সহ রাজ্যের সব জেলাগুলিতে ‘স্ক্রুটিনি’ বা ভোটার তালিকা খতিয়ে দেখবার কাজ শুরু করেছে। শনিবার মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে আচমকা হানা দেন মেয়র ফিরহাদ হাকিম। এবার সেই ভবানীপুর থেকেই পাল্টা কর্মসূচীর সূচনা করছে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি। দলের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘যদি আপনি ভোটার তালিকা সংক্রান্ত কোনো সমস্যা অনুভব করেন অথবা আপনার নাম তালিকা থেকে বাদ পড়েছে, তবে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।’ এই বার্তাটি নিজের মোবাইল নম্বরসহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিক সর্বস্তরের নেতা-কর্মীদের পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি জানিয়েছেন, শুধু ভবানীপুর নয়, রাসবিহারী, চেতলা, কসবা, পূর্ব ও বেহালা পশ্চিম কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলেও কর্মসূচি শুরু করেছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর অভিযোগের পর তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশনের দারস্ত হয়েছিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে। এসবের পিছনে তৃণমূলের রাজনৈতিক স্বার্থের গন্ধ পেয়েছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের তরফেও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে, তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানো হয়। নির্বাচন কমিশন মেনে নিয়েছে, একই এপিক নম্বরে দু’জন ভোটার থাকতেই পারে। কিন্তু তাদের ‘ভূতুড়ে ভোটার’ বলা যাবে না। কারণ এপিক নম্বর এক হলেও বিধানসভা কেন্দ্র আলাদা। আর যে সমস্যা আছে সেটা অচিরেই মিটবে। বিজেপি দাবি করছে, ওই স্ক্রুটিনির ‘মোড়কে’ বিরোধী ভোটারদের নাম কৌশলে ভোটার তালিকা থেকে বাদ দেবে। তার জেরে বিরোধী ভোটাররা বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না।
গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যনার্জি প্রার্থী হওয়া সত্ত্বেও আশানরূপ ফল করতে পারেনি রাজ্যের শাসক দল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৬৩, ৭০, ৭১, ৭২, ও ৭৪ নম্বর ওয়ার্ডে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে ছিল। অন্যদিকে, ৭৩, ৭৭, এবং ৮২ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী হয়েছিল। রাজ্যের মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কলকাতা পুরসভায় বিজেপি প্রায় ৪২টি ওয়ার্ডে এগিয়েছিল। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা বাড়ানো হচ্ছে দাবি করেছে ত্রৃনোমূল, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছেই। কেউ কেউ মনে করছেন মমতা ব্যানার্জি নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির শক্তি অগ্রাহ্য করতে পারছেন না, তাই এরকম অভিযোগ এনে বিজেপিকে কোণঠাসা করবার চেষ্টা চলছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় মৃত কারো নাম রয়ে গেছে না কি, সে সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এরপরে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেওয়া হবে। শনিবার ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ‘তিন-চারটে নাম পেয়েছি, যারা ওই এলাকায় থাকেন না অথচ ভোটার তালিকায় যাঁদের নাম আছে। কিছু আছে যাঁদের এখানে কোনো অস্তিত্ব নেই। এ পাড়ায় আমি বড়ো হয়েছি, জন্মেছি, অথচ কখনো দেখিনি, এমন ৩-৪ জনের নাম পেলাম।’ আগামী ৬ মার্চ মুখ্যমন্ত্রীর তৈরি করা কোর কমিটি, তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে বৈঠকে বসতে চলছে। সে বৈঠকেই ঠিক হবে এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে।
বিজেপির তরফে, ইন্দ্রজিৎ খটিক বলেছেন, ‘গত লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৫টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। মাত্র ৩টি ওয়ার্ডে তৃণমূল জয়ী হয়েছিল। এই পরিসংখ্যান দেখে, ফিরহাদ হাকিম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিয়ে স্ক্রুটিনি করার কাজ শুরু করেছেন, যাতে বিরোধী ভোটারদের ওপর চাপ সৃষ্টি করা যায়। তাই আমরাও আমাদের পাল্টা কর্মসূচি শুরু করেছি।’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তৃণমূল ও বিজেপির এ ধরণের অভিযোগ-পাল্টা অভিযোগ, কর্মসূচির গভীর প্রভাব পড়বে ২৬-এর বিধানসভা নির্বাচনে। উভয় দলই এটিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইবে। বদলে যেতে পারে বাংলার রাজনৈতিক সমীকরণ। দ্রব্যমূল্য বৃদ্ধি , বেকারত্ব, দুর্নীতি, নারী নিরাপত্তার মতো গুরুতবপূর্ণ বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক? প্রশ্ন উঠছে।
❤ Support Us








