Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৭, ২০২৫

সাম্প্রদায়িকতা দেশপ্রেম নয়। বিকৃত ইতিহাস সংস্কৃতিকে ধ্বংস করে, বললেন ইরফান হাবিব

আরম্ভ ওয়েব ডেস্ক
সাম্প্রদায়িকতা দেশপ্রেম নয়। বিকৃত ইতিহাস সংস্কৃতিকে ধ্বংস করে, বললেন ইরফান হাবিব

ইরফান হাবিব, ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ, যিনি তাঁর কথায় প্রায়শই বলেন, ইতিহাস কেবল শাসক, রাজা, সম্রাটদের নয়, সমাজের উৎপাদনের সঙ্গে যুক্ত সাধারণ মানুষেরও। ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান হবে সুসংহত ও সঠিক। ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তথ্যের ক্ষেত্রে কোনো আপস করা চলে না। ইচ্ছামতো কোনও ঘটনাকে ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না। দেশপ্রেম উদার, বিশাল তার ব্যাপ্তি। সাম্প্রদায়িকতা কখনো দেশপ্রেম হতে পারে না।

গেরুয়া শিবিরের আক্রমণে বার বার ‘বিদ্ধ’ হতে হয়েছে তাঁকে। শুধু তাঁর রাজনৈতিক মতাদর্শ নয়, ইতিহাসবিদ ইরফান হাবিবের ধর্মীয় পরিচয় নিয়েও কুকথার অন্ত নেই। সম্প্রতি বিবিসিকে  দেওয়া সাক্ষাৎকারে, দেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি আর ভারতের ইতিহাসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইরফান হাবিব। শুধু সে নিয়ে আলোচনা নয়, এই সাম্প্রদায়িক ইতিহাস রচনা এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে পেশাদার ইতিহাস গবেষকদের ভূমিকার কথাও উঠে এসেছে তাঁর কথায়। শিক্ষার্থীদের ইতিহাসের নামে একপেশে, বিদ্বেষপূর্ণ গল্প শোনানো হয়। রাজত্ব বিস্তারের জন্য হিন্দু রাজা ও মুসলমান রাজা যুদ্ধ করেছেন, প্রথম জনকে বলা হচ্ছে জাতীয়তাবাদী আর দ্বিতীয় জনের গায়ে লাগানো হচ্ছে আক্রমণকারীর তকমা। এটা ইতিহাসের পরিকল্পিত বিকৃতিকরণ। ফ্যাসিবাদী শক্তি এ ভাবেই ইতিহাসকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। শুধু তা-ই নয়, সাম্প্রদায়িক বিভাজন এবং জাতিবিদ্বেষও এই শক্তির অন্যতম বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন হাবিব।

তিনি বলেছেন, সাম্প্রদায়িকতা কখনোই দেশপ্রেম হতে পারে না। তা সে যে ধর্মেরই হোক না কেন। দেশপ্রেম হল দেশের মানুষদের সেবা করা, দেশের অগ্রগতির জন্য কাজ করা। যদি কোনো সরকার বা ব্যক্তি দেশের বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের প্রতি অন্যায় আচরণ করে, তাদের অত্যাচার করে, তবে তা কখনোই দেশপ্রেম হতে পারে না।’ তাঁর মতে, সাম্প্রদায়িকতার জগত থেকে বেরিয়ে এসে সকল মানূষের মধ্যে ঐক্য স্থাপন করাটাই দেশের প্রকৃত সেবা, প্রকৃত দেশপ্রেমিকের আচরণ। আসল দেশপ্রেম এটা নয় যে, আপনি শুধুমাত্র আপনার দেশের প্রশংসা করেন, বরং দেশের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো উন্নত করার প্রচেষ্টা করা উচিত। তিনি উদাহরণ দেন, ইউরোপীয় পর্যটকরা যখন ভারতে এসেছিলেন, তখন তারা এখানে ধর্মীয় বৈচিত্র্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান দেখেছিলেন, যা সেই সময়ের ইউরোপে ছিল না।

ইতিহাসে যদি সাম্প্রদায়িক এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি গড়ে তোলা হয়, তবে তা দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধ্বংস করে ফেলবে। এক্ষেত্রে বিশেষ করে, হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে ওরঙ্গজেবকে নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন হাবিব। হিন্দুত্ববাদীরা সাধারণত ওরঙ্গজেবকে অত্যাচারী, হিন্দু-বিরোধী শাসক হিসেবে চিহ্নিত করে থাকেন। বর্তমানে এই মতামতকে ইতিহাসের একটি সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। তবে, এ বিষয়ে ইতিহাসবিদ বলেন, ‘যত বিদেশী পর্যটক ওরঙ্গজেবের শাসনকালে ভারতে এসেছেন, তাঁদের কোনো পর্যবেক্ষণেই ভারতকে অসহিষ্ণু দেশ হিসেবে চিহ্নিত করা হয়নি।’ বরং, ঐ পর্যটকদের মতে, ভারত ছিল একটি সহনশীল দেশ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বাস করতেন। ওরঙ্গজেবের শাসনকাল নিয়ে এই বিতর্কের প্রেক্ষিতে, তিনি বলেন, ‘ওরঙ্গজেবের সময়েও ভারতে সহনশীলতা ছিল। বিদেশী পর্যটকদের লেখায় এটি স্পষ্ট ফুটে ওঠে।’ ওরঙ্গজেবের শাসনকাল এবং মুঘল সম্রাটদের প্রশাসনিক পদ্ধতির সঠিক ইতিহাস জানানো দরকার, যাতে দেশের ইতিহাস বিকৃত না হয়।

শিক্ষার্থীদের ইতিহাসের নামে একপেশে, বিদ্বেষপূর্ণ গল্প শোনানো হয়। রাজত্ব বিস্তারের জন্য হিন্দু রাজা ও মুসলমান রাজা যুদ্ধ করেছেন, প্রথম জনকে বলা হচ্ছে জাতীয়তাবাদী আর দ্বিতীয় জনের গায়ে লাগানো হচ্ছে আক্রমণকারীর তকমা। এটা ইতিহাসের পরিকল্পিত বিকৃতিকরণ। ফ্যাসিবাদী শক্তি এ ভাবেই ইতিহাসকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করতে চায়

হাবিব আকবরকে ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দেখেন। তিনি বলেন যে, ‘আকবরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতা আর সামাজিক সমতা রক্ষার ক্ষেত্রে। আকবর তাঁর দরবারে বিভিন্ন ধর্মের মতামত গ্রহণ করেছিলেন। একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনের দিকে পদক্ষেপ নিয়েছিলেন। আধুনিক ইতিহাস পাঠ্যক্রমে আকবরের এই দিকটি কম প্রকাশিত হচ্ছে। ব্রিটিশ প্রভাবের অধীনে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।’ মুঘল সাম্রাজ্যের অবদানের কথাও তুলে ধরেন তিনি, ‘মুঘল সাম্রাজ্য ভারতীয় কৃষি ব্যবস্থাকে সুসংগঠিত করেছিল, অনেক গুরুত্বপূর্ণ শিল্প-সৌদ্ধ নির্মাণ করেছিল, যা ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।’ তাঁর মতে, ‘যদি মুঘল কালকে পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়, তবে ভারতের ইতিহাসের গুরুত্ব কমে যাবে। আকবরকে বাদ দিয়ে মহারানা প্রতাপ, মান সিংয়ের ইতিহাস কীভাবে লেখা সম্ভব? হাবিব আরও বলেন, আকবরের শাসনকালে ভারতীয় সমাজে অত্যন্ত উচ্চমানের যুক্তিবাদী পরিবেশ বিরাজমান ছিল। আকবরের শাসনকাল ছিল ধর্মনিরপেক্ষ এবং তার রাজনীতি ছিল সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। আবুল ফজল, আকবরের মন্ত্রী, ইসলামের ইতিহাস নিয়ে সমালোচনা করেছেন, যা তৎকালীন উলেমাদের জন্য একটি বিতর্কের কারণ ছিল। আকবর তার সময়ের সেরা যুক্তিবাদী নেতা ছিলেন, তাঁর শাসনে সঠিক নীতির ওপর ভিত্তি করে দেশ পরিচালিত হত। তিনি বলেন, ‘আমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে এখন অতিরিক্তভাবে উপেক্ষা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, মুঘল শাসকরা যেমন মান সিংকে কাবুলের প্রথম গভর্নর করে দিয়েছিলেন, তা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সেটি সুচারুভাবে এড়িয়ে যাওয়া হয়। ঐতিহাসিক সত্যকে অস্বীকার করা বা গোপন করা ভারতীয় ইতিহাসের জন্য ক্ষতিকর।’

ইতিহাস আর অমরচিত্র কথা যে এক নয়, এ কথা আরো একবার মনে করিয়ে দিয়ে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকেও সমালোচনা করেছেন প্রবীণ ইতিহাসবিদ । তিনি বলেছেন, ‘ইউজিসি’তে এখন যে সিলেবাস রয়েছে, তা ভারতীয় ইতিহাস ও সমাজের বিকৃত ছবি দেখাতে চাইছে । একদিকে মুসলমানদেরকে জাতিবাদ এবং শোষণের জন্য দায়ী করা হচ্ছে, অন্যদিকে, মনুস্মৃতি, কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো জাতিবাদী গ্রন্থকে ভারতীয় জ্ঞান ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। এইসব প্রাচীন গ্রন্থ ভারতের যুক্তিবাদী, সমতাবাদী ভাবনাকে প্রতিনিধিত্ব করে না, বরং তা অবিচারের সংস্কৃতিকে গড়ে তোলে।’ রাজনৈতিক মতাদর্শ বিশেষত দক্ষিণপন্থী মতাদর্শ ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করছে, যার ফলে ভারতীয় সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে না। প্রাচীন ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেছেন তিনি। অশোকের শিলালিপির মাধ্যমে সহনশীলতার বার্তা ও আকবরের সময়ের যুক্তিবাদী পরিবেশ। হাবিবের মতে, অশোকের শিলালিপিতে তিনি দেখেছেন, সম্রাট সেখানে ধর্মীয় ও সামাজিক অসহিষ্ণুতা সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন, সহনশীলতার কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, ‘অশোকের ধর্ম কোনো জাতি বা ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, বরং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো হয়।’ এমনকি, অশোকের ধর্মের কোনো স্থানেই জাতপাতের কথা উল্লেখ করা হয় নি, যা মনুস্মৃতি বা গুপ্তযুগের শিলালিপিতেও স্পষ্টভাবে দেখা যায় না।

ইরফান হাবিব বিশ্বাস করেন, ভারতের ইতিহাস বৈচিত্র্যময় ঐতিহ্যে সমৃদ্ধ। যার গভীরে সহিষ্ণুতা, সমতা আর ধর্মীয় বৈচিত্র্যের বিবিধ স্রোত বয়ে চলেছে। ভারতীয় সমাজে ধর্মীয় সহিষ্ণুতার ইতিহাস খুব পুরনো। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয় ভারতের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, তা সে বৌদ্ধ ধর্মের প্রভাব হোক, ব্রাহ্মণবাদের সাথে অন্যান্য ধর্মের সংঘর্ষ হোক, অথবা মুঘল সাম্রাজ্যের সময় ধর্মীয় অমিল থাকা সত্ত্বেও সহিষ্ণুতা বজায় রাখা হোক। ভারতের ইতিহাস, তার সংস্কৃতির ঐতিহ্য, সহনশীলতার ইতিহাস, সহিষ্ণুতার ঐতিহ্য তা ভুলে গেলে চলবে না। ঐতিহাসিক সত্য আর মূল্যবোধকে সঠিকভাবে মূল্যায়ন করে তৈরি করতে আমাদের দেশপ্রেম, যা দেশের আপামর মানুষকে ভালোবাসার থেকে আলাদা কিছু নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!