- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৮, ২০২৫
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস ও বন্যায় নিহত ৩, নিখোঁজ ৫। গৃহহীন বহু, জলমগ্ন জাতীয় সড়ক
৩ মার্চ থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়া জুড়ে, এখনো তা অব্যাহত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ৩ মিটারের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবিরাম বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা। বিপর্যয়ের কবলে পড়ে ঘড়ছাড়া হাজারো মানুষ। নিহত ৩ জন, নিখোঁজ রয়েছেন ৫ জন। ৭ মার্চ সে দেশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক শহর প্লাবিত হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। কর্তৃপক্ষ আবহাওয়া পরিবর্তন প্রযুক্তি ব্যবহার করছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, একটানা বৃষ্টিপাতের কারণে জাকার্তার প্রধান সড়ক, এক হাজারেরও বেশি ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান জলের তলায় তলিয়ে গেছে। এর মধ্যে হাসপাতাল, সরকারি দপ্তরসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গাও রয়েছে। বন্যার কারণে বিদ্যুৎ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুসারে, একটি শিশু সহ কমপক্ষে ৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। ২ জেলা মিলিয়ে অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় জাকার্তার গভর্নর প্রামোনো বিপদ সংকেত জারি করেছেন। যেসব এলাকায় জল জমে আছে, সেখানে দ্রুত জল নিষ্কাশনের জন্য পাম্প মেশিন ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার থেকেই বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ মোকাবিলা কর্মীরা রাবারের নৌকা ব্যবহার করে জলবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। দুর্যোগের কবলে পড়েছে কমপক্ষে ২৪টি শহর। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল সংখ্যক মানুষ। ২০০ জনেরও বেশি মানুষকে উঁচু স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকি থাকে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে, বিগত কয়েক বছরে সেখানে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা আর তীব্র ঝোড়ো হাওয়ার উদ্ধারকার্য সমস্যার মুখে পড়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১১ মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিংবা লাগাতার ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এর ফলে বন্যার পরিস্থিতি মোকাবিকা আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবছরই জানুয়ারিতে, মধ্য জাভার একটি শহরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জন মারা গেছেন। গত বছরের মে মাসে পশ্চিম সুমাত্রায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার ফলে নিহত হয়েছিলেন প্রায় ৭০ জন। ২০২০ সালে জাকার্তায় ভয়াবহ বন্য হয়েছিল, সেসময়েও গৃহহীন হএয়ছেন বহু মানুষ, প্রাণ হারিয়েছিলেন অনেকে। সেই দুঃসহ স্মৃতিই আবার ফিরে এসেছে ইন্দোনেশিয়ার মানুষের মনে।
❤ Support Us








