- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৮, ২০২৫
বছর শেষে অথবা ২৬ এর শুরুতেই হবে মায়ানমারে নির্বাচন, ঘোষণা সেনাপ্রধানের
যুদ্ধকবলিত মায়ানমারে হতে চলেছে জাতীয় নির্বাচন। শনিবার সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিউ লাইট অব মিয়ানমার প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। মায়ানমারে দীর্ঘদিনের প্রতিশ্রুত নির্বাচনের জন্য প্রাথমিক সময়সীমা ঘোষণা করেছেন দেশটির ক্ষমতায় থাকায় সামরিক জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। বেলারুশ সফরে গিয়ে শনিবার তিনি বলেছেন, ২০২৫-এর ডিসেম্বরে অথবা আগামী বছর জানুয়ারিতে মায়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫৩টি রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের তালিকা জমা দিয়েছ বলে জানিয়েছেন তিনি। তবে তার মধ্যে সামরিক জান্তার হাতে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি রয়েছে কি না, সে তথ্য প্রকাশ করা হয়নি। যুদ্ধকবলিত দেশে শান্তি ও শৃঙ্খলা ফেরা অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিকল্পনা ও প্রতিশ্রুতি দিয়েছেন জান্তা প্রধান।
২০২১ সালের গোড়ার দিক থেকে মায়ানমারে অস্থিরতা বিরাজ করছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গঠিত হয় সামরিক জান্তা সরকার। জরুরি অবস্থা জারি করে জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনী। শুধু তাই নয়, সুচি সহ এনএলডির বেশির ভাগ নেতাকর্মীকে কারাবন্দি করে জান্তা সরকার। জান্তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ক্রমেই সশস্ত্র আন্দোলনে রূপান্তরিত হয়। সেনাবাহিনীকে হটিয়ে কয়েকটি রাজ্য সহ বহু শহর দখল করে বিদ্রোহীরা। দেশজুড়ে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। মায়ানম,আর ছাড়িয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশ জুড়ে অশান্তির বাতাবরণ ছড়িয়ে পরে।
আন্তর্জাতিক চাপের মুখে জান্তা নেতা জেনারেল মিন অং হ্লাইং এর আগেও কয়েকবার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন। তবে নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা দেননি। তিনি নির্বাচন করার ঘোষণা দিলেও তাঁর প্রশাসন বারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। সমালোচকরা প্রতিশ্রুত নির্বাচনকে জেনারেলদের ক্ষমতায় রাখার জন্য ভাঁওতা বলে উল্লেখ করেছেন। দেশটিতে একাধিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। মায়ানমারের বিশাল অংশের উপর কর্তৃত্ব হারিয়েছে জান্তা সরকার। জান্তা কর্তৃপক্ষ নির্বাচনের জন্য ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে ভোটার তালিকা প্রস্তুত করতে পেরেছে। অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ তাঁদের হাতে না থাকায় ভোটার তালিকাও করতে পারেনি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের উদ্দেশ্য নিয়ে সংশয় রয়েছে। এ ছাড়াও, নির্বাচন ঘিরে দেশটিতে আরো সহিংসতার ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। কারণ জান্তা ও বিরোধী উভয়েই আরো ভূখণ্ডের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ক্রমবর্ধমান সংঘাতে দেশের অর্থনীতি বিপর্যস্ত, হাজার হাজার মানুষ গৃহযুদ্ধে নিহত, প্রায় ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত।
❤ Support Us








