- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৫
কালনায় ভুয়ো চিকিৎসক পরিচয়ে ফলাও ব্যবসা
কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা ও ফলাও ব্যবসার অভিযোগ উঠল লাবণী ভৌমিক নামে এক মহিলার বিরুদ্ধে। কালনার বাঘনাপাড়ার যে দোকানে ওই মহিলা চিকিৎসা করতেন সেই দোকানের মালিক সুকুমার কবিরাজ ভুল স্বীকার করেন। অবশ্য ওই চিকিৎসকের খোঁজ মিলছে না। ফোন ধরছেন না। অভিযোগ পেলে উপযুক্ত ‘পদক্ষেপ নেওয়া’র কথা জানিয়েছেন কালনা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।
বাঘনাপাড়া রামকৃষ্ণ মেডিকেল হল নামে ওই ওষুধের দোকানে গিয়ে দেখা গেল, দোকানের সামনে জ্বলজ্বল করে লেখা রয়েছে লাবণী ভৌমিক, চক্ষুরোগ বিশেষজ্ঞ, এমবিবিএস, এমএস, অপথালমোলজি, কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল। ওষুধের দোকানে এই সাইনবোর্ড দেখেই ওই মহিলা চিকিৎসকের কাছে একদিনের এক ক্যাম্পে ভিড় করেন রোগীরা। চোখ পরীক্ষা করে অর্থের বিনিময়ে চশমা দিলেও তাতে কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ করছেন রোগী ও তার আত্মীয়রা। এরপরেই তারা খোঁজ নেন ও জানতে পারেন ওই মহিলা আদৌ কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকই নন। সাইনবোর্ডে ‘ডাক্তার’ ও ‘কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল’ লেখা নিয়ে প্রশ্ন তুলতেই ক্ষমা চেয়ে নেন ওষুধের দোকানের মালিক সুকুমার কবিরাজ। তিনি বলেন, ‘ওই মহিলা কালনা হাসপাতালের ডাক্তার নন। সাইনবোর্ড লেখাটা আমার ভুল, অন্যায় হয়েছে। বাবলু বলে এক ব্যক্তি আমাকে ওষুধ দিতে আসেন। তার পরামর্শেই এটা লেখা হয়। একটি ক্যাম্প হয়। প্রায় ৫০ জন রোগীকে দেখেন। চশমায় কাজ হচ্ছে না।’ প্রায় একমাস আগের ঘটনা। তারপরেও সেই সাইনবোর্ড দোকানের সামনে কেন রয়েছে তার সদুত্তর দিতে পারেননি দোকানমালিক। দেবব্রত মোদক নামে এক ব্যক্তি জানান, ‘সাইনবোর্ডে কালনা হাসপাতালের চোখের ডাক্তার দেখে এক মহিলাকে চোখ দেখাই আমি, আমার মা ও আমার স্ত্রী। পাওয়ারের চশমা দেওয়ার জন্য সাতশো টাকা করে নেন। অথচ কোনও কাজই হচ্ছে না। বুঝতে পেরেছি প্রতারণার শিকার হয়েছি।’ দেবব্রতর সুরে সুর মিলিয়ে এমন অভিযোগ এলাকার আরও কয়েকজনের।
এ ব্যাপারে কালনা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস হাসপাতালের রেকর্ড ঘেঁটে জানান, ‘ওই নামে এই হাসপাতালে চোখের কোনও ডাক্তার কোনওদিনই ছিলেন না। কোনও অভিযোগ এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।’
❤ Support Us








