Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ১২, ২০২৫

চলছে সেনা অভিযান। বেলুচিস্তানে উদ্ধার ১০৪ পণবন্দী, এখনো আটক ২১৪

আরম্ভ ওয়েব ডেস্ক
চলছে সেনা অভিযান। বেলুচিস্তানে উদ্ধার ১০৪ পণবন্দী, এখনো আটক ২১৪

বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেন থেকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর সদস্যদের হাতে পণবন্দী যাত্রীদের মধ্যে থেকে ১০৪ জনকে উদ্ধার করল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখনও ২১৪ জন বন্দী রয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বন্দী উদ্ধারে চূড়ান্ত অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। রেললাইনে বিস্ফোরণ ঘটানোর ট্রেন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ট্রেনের চালক গুলিবিদ্ধ হয়। ট্রেন থেমে গেলে মহিলা ও শিশুসহ প্রায় ৪৫০ জন যাত্রীকে জিম্মি করা হয়। পরে তারা বেসামরিক জিম্মিদের মুক্তি দেয় এবং সামরিক কর্মীসহ ২১৪ জনকে বন্দী করে।

এক বিবৃতিতে, জঙ্গি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জিম্মি সংকটের দায় স্বীকার করে বলেছে যে, তারা ট্রেন থেকে নিরাপত্তা বাহিনীসহ আরও কয়েকজনকে জিম্মি করেছে। জঙ্গি গোষ্ঠীটি জানিয়েছে যে হামলায় ৩০ জনেরও বেশি সামরিক কর্মী নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বালুচ লিবারেশন আর্মি মাশকাফ, ধাদার, বোলানে একটি সুপরিকল্পিত অভিযান পরিচালনা করেছে, যেখানে আমাদের মুক্তিযোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়েছে। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সমস্ত যাত্রীদের পণবন্দী করে রাখে।’‌

ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং জঙ্গিদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করে। রাতভর উদ্ধার কার্য চলে। উদ্ধারের সময় সশস্ত্র জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কিছু জিম্মিকে পাহাড়ে নিয়ে গেছে বলে জানা গেছে।

বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তানের বাইরে পরিচালিত সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে একটি এবং তাদের মূল দাবিগুলির মধ্যে একটি হল পাকিস্তান থেকে পৃথক বেলুচ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পাকিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে অনিশ্চয়তার মুখোমুখি হওয়ায় গত কয়েক বছরে এই বিদ্রোহী গোষ্ঠী শক্তিশালী হয়েছে। এই গোষ্ঠী আফগানিস্তান এবং ইরান সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয়, যে অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ এবং যেখানে গোয়াদর গভীর জলবন্দর এবং চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে বেজিংয়ের বিনিয়োগ রয়েছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সব খনি প্রকল্প রয়েছে। উল্লেখযোগ্যভাবে, চীন এই প্রদেশে একটি সোনা ও তামার খনিও পরিচালনা করে। বেলুচিস্তান কয়েক দশক ধরে বিদ্রোহের মুখোমুখি হচ্ছে এবং এই প্রদেশটি সবচেয়ে অস্থিতিশীল প্রদেশগুলির মধ্যে একটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!