- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১২, ২০২৫
এপিক লড়াই, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল-বিজেপি
‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে জতীয় রাজনীতি উত্তাল। তৃণমূল কংগ্রেস এপিক নাম্বারের ‘অস্বচ্ছতা’ ও ‘ভুয়ো ভোটার’ নিয়ে ধারাবাহিকভাবে ইলেকশন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে। দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল তাঁরা এ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, লোকসভা ও রাজ্যসভাতে সরব হবেন। সুরাহা না মিললে বৃহত্তর আন্দোলনের পথে যাবার হুঁশিয়ারি দিয়েছিল জোড়াফুল শিবির। সংসদে এ বিষয়ে সরব হয়েছিলেন টিএমসি সাংসদেরা, তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যান,সদ্য দায়িত্ব পাওয়া জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ সহ ১০ সদস্যের প্রতিনিধি দল। কয়েক ঘন্টার ব্যবধানে হাজির বিজেপিও।
তৃণমূলের তরফে পুরো নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলা হয়। তাঁরা দাবি করেন ‘এপিক কেলেঙ্কারি’-তে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে নির্বাচন কমিশন। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের ভরসাই যদি চলে যায়, তা হলে তো নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠে।’ তাঁর অভিযোগ, ‘একই নম্বরে একাধিক কার্ড কতগুলি আছে, সেটার কোনও সঠিক জবাব পাইনি। শুধু বলা হয়েছে সবাই মিলে কাজ করতে হবে, সেটা তো সবাই জানি। সব মিলিয়ে আমরা সন্তুষ্ট নই। মুখ্যমন্ত্রীর তোলা বিষয়টির সদুত্তর নেই।’বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ‘ডুপ্লিকেট ভোটার কার্ড অত্যন্ত গুরুতর সমস্যা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটি সামনে আনার পর এর গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে বাকি রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশন আগে জানিয়েছে, তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করবে। তবে আমরা প্রশ্ন তুলেছি, যদি নম্বরই না জানেন তাহলে কীভাবে সময়সীমা দিচ্ছেন?’ জালি আধারকার্ড কীভাবে তৈরি হচ্ছে ও মহারাষ্ট্রে লোকসভা ও বিধানসভার অন্তর্বর্তী সময়ে কীভাবে ৪০ লক্ষ ভোটার বেড়ে যায়— সে প্রশ্নও তুলেছেন তাঁরা। গোটা বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তৃণমূলের তরফে আরো প্রশ্ন তোলা হয়, ‘একই এপিক নম্বর কীভাবে বিভিন্ন রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রের ভোটারদের দেওয়া হল? কেন নির্বাচন কমিশন তার ফর্ম ৬বি-তে স্পষ্টভাবে উল্লেখ করেনি যে, এপিক-এর সঙ্গে আধার সংযুক্ত করা একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী প্রক্রিয়া, এটি বাধ্যতামূলক নয়?’ তাঁরা আরও অভিযোগ করেছে, ‘অনেক রাজ্যে নির্বাচনী তালিকায় নাম ইচ্ছেমতো যোগ ও বাদ দেওয়া হয়েছে। বাংলায় অনলাইন পোর্টালের মাধ্যমে বেশ কিছু ভুয়া ভোটার যুক্ত করা হয়েছে।’ নির্বাচন কমিশন যেন প্রতিটি সংশোধিত নির্বাচনী তালিকার সঙ্গে ভোটারদের মুছে ফেলা, নতুন সংযোজন এবং পরিবর্তনের একটি পৃথক তালিকা প্রকাশ করে- দাবি তুলেছেন তাঁরা।
জোড়াফুল শিবিরের নির্বাচন কমিশনে যাওয়ার কয়েকঘন্টার ব্যবধানে, পাল্টা অভিযোগ তুলে কমিশনে হাজির হন বিজেপি নেতৃত্বরা। তৃণমূলকে ‘ভুয়ো ভোটার’ কান্ডের মূল কারিগর বলে অভিযোগ তুলে বঙ্গবিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জোর্তিময় মাহাতো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালবিয়া মুখ্য নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। বিজেপি নেতারা দাবি করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী তালিকার উপর সমীক্ষা চালিয়ে তাঁরা ১৩ লাখের বেশি অবৈধ ভোটার চিহ্নিত করেছেন। এই ‘ভুয়ো ভোটার’-দের বাবার নাম ও নিজের নাম, বয়স সব একই। তৃণমূলের নির্দেশেই বিপুল নির্বাচনী কারচুপি হয় বলে তাঁদের অভিযোগ। সুকান্ত মজুমদারের বলেছেন, ‘বোঝাই যাচ্ছে ভুয়ো ভোট দেওয়ার জন্য এদের কাজে লাগানো হচ্ছিল। এ ছাড়া একই এপিক নম্বর পাওয়া গিয়েছে প্রায় ৭,৩২৫ ভোটারের। ওই ভোটারদের নাম ও এপিক নম্বর এক।’ বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে বাড়ি বাড়ি ঘুরে ‘অবৈধ ভোটার’ চিহ্নিত কইরে বাতিল করবার আবেদন করা হয়েছে। যদিও সুকান্তের দাবি, বাংলায় হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, এ আবহে নির্বাচনি তালিকা সংশোধন কতটুকু সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসা বাংলাদেশি ও রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছে বিজেপি।
বৈঠক নিয়ে X-হ্যান্ডেলের এক পোস্টে নির্বাচন কমিশনের তরফে লেখা হয়েছে, ‘আজ বিজেপির প্রতিনিধিদলকে কমিশনে স্বাগত জানানো হয়েছে। তাঁদের জানানো হয়েছে যে শুধুমাত্র ১৮ বছর ও তার বেশি বয়সের ভারতীয় নাগরিকরা যেখানাকার বাসিন্দা, সেইসব বুথে ভোটার হিসেবে নথিভুক্ত হতে পারেন। কমিশন আরো জানিয়েছে, ‘নির্বাচনী তালিকা সংশোধনের প্রক্রিয়া দীর্ঘসময়ের পদ্ধতি, সেখানে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। ত্রুটির বিরুদ্ধে আপিল করার জন্য ১৯৫০ সালের জনগণ প্রতিনিধি আইনের ২৪ নম্বর ধারার অধীনে নির্ধারিত ব্যবস্থা রয়েছে।’
অন্যদিকে মঙ্গলবার, বিজু জনতা দল-এর একটি প্রতিনিধিদলও ২০২৪ সালের সংসদ ও বিধানসভা নির্বাচনে ভোট গণনায় ‘অস্বাভাবিক বৈষম্যের’ অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে। এ বিষয়ে কমিশনের কাছে দ্বিতীয় স্মারকলিপি জম দিয়েছেন। কমিশন মনে করছে নির্বাচন ও ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলির নানা সংশয় ও প্রশ্ন রয়েছে, যা দ্রুত সমাধান করা জরুরি। এ প্রেক্ষিতে নির্বাচনী প্রক্রিয়ার সংশোধন করতে দলগুলির কাছে ৩০ এপ্রিলের মধ্যে পরামর্শ জমা করতে বলা হয়েছে। তবে বিরোধী দলগুলি এদিনের বৈঠকে সন্তুষ্ট হতে পারে নি, মমতা ব্যানার্জির তোলা ‘ভূতুড়ে ভোটার’ ইস্যু, রাজনীতির চাকা কোনদিকে নিয়ে যায় সেটিই দেখবার বিষয়।
❤ Support Us








