- এই মুহূর্তে দে । শ
- মে ২৯, ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, ছয় জেলায় লাল সতর্কতা
শুক্রবার দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া। এরপর আচমকাই শুরু হয় ঝড়-বৃষ্টি। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় নামে মুষলধারে বৃষ্টি। কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলিতেও ঝড়বৃষ্টির দাপট দেখা যায়।
আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ছয় জেলায় দুর্যোগের জন্য লাল সতর্কতা জারি করেছে। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। নদিয়াতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দুপুর ২টোর কিছু পরে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। সেই পূর্বাভাস মেনেই কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। সল্টলেক, ধর্মতলা, যাদবপুর, বরাহনগর-সহ একাধিক এলাকায় দিনদুপুরে আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে, বহু জায়গায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায়।
ঝড়ের দাপটে কলকাতার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। ময়দানের কাছে একটি বড় গাছ ভেঙে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি কয়েকটি হোর্ডিং ও পোস্টারও ছিঁড়ে যায়। উত্তর ও মধ্য কলকাতার একাধিক এলাকায় জল জমার খবর পাওয়া গিয়েছে। চাঁদনি চক ও ঠনঠনিয়ার রাস্তায় জল জমে ভোগান্তির সৃষ্টি হয়।
তবে বর্তমানে গরমের ছুটি চলায় স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়ুয়া ও অভিভাবকদের খুব বেশি সমস্যায় পড়তে হয়নি।
গত কয়েক দিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল ছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। যদিও কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল, তবু গরমের অস্বস্তি কাটেনি। শুক্রবারের এই ঝড়বৃষ্টির ফলে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও ঝড়ের তীব্রতা অনেকটাই কমে যাবে বলে জানা গিয়েছে।
এই ঝড়বৃষ্টির প্রভাবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত চললেও দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং ঝড়বৃষ্টির দাপট আগের তুলনায় কমেছে।
❤ Support Us







